গোল করে নির্ভার ফ্রেদ
সমালোচনা নিয়ে কখনো দুর্ভাবনা ছিল না ফ্রেদের। ক্যামেরুনের বিপক্ষে গোল পাওয়ার পর সেটাই বললেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
ক্রোয়েশিয়া ও মেক্সিকোর বিপক্ষে প্রথম দুটি ম্যাচে গোল পাননি ফ্রেদ। সোমবার ক্যামেরুনের বিপক্ষে ৪-১ ব্যবধানে পাওয়া জয়ে একটি গোল করেন তিনি।
ফিফা ডটকমকে ফ্রেদ বলেন, “গোল করে আমি রোমাঞ্চিত। আমার অনেক সমালোচনা হয়েছে, তবে সেগুলো নিয়ে আমি খুব একটা ভাবিনি। কারণ, আমি জানি দলে খেলোয়াড়রা আমার সঙ্গেই আছে। আর এটাই আমাকে অনুপ্রাণিত করেছে।”
ফ্রেদ আরো জানান, সতীর্থরা দেখেছে প্রতিদিন অনুশীলনে তিনি কতটা পরিশ্রম করছেন। ওরা দেখছে আমি কিভাবে খেলছি।
ব্রাজিলের কনফেডারেশন্স কাপ জয়ে বড় অবদান ছিল ফ্রেদের। বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতায় ৫ গোল করেছিলেন তিনি। সেই স্মৃতি নকআউট পর্বে তাকে আরো ভালো খেলার অনুপ্রেরণা যোগাচ্ছে।
গোল পার্থক্যে মেক্সিকোকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছেছে লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিলি।
