২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতের কবলে স্পেন দলের বিমান

বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের পর দেশে ফেরাটাও সুখকর হয়নি স্পেনের। মঙ্গলবার ব্রাজিল থেকে বিমানে দেশে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়েছিল গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 10:38 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

স্পেনের ইবেরিয়া এয়ারলাইনের এক মুখপাত্র জানান, দুপুরে মাদ্রিদে আসার পথে বজ্রপাত আঘাত হানে স্পেন ফুটবল দলকে বহনকারী বিমানে। তবে বিমান বা যাত্রীদের কারোর কোনো ক্ষতি হয়নি।
এই ধরনের ঘটনা নিয়মিতই ঘটে আর সাধারণত তা ঝুঁকিপূর্ণও হয় না। তবে ব্রাজিলে স্পেনের বিধ্বস্ত হয়ে ফেরার সঙ্গে যেন মিলল ঘটনাটি।

বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে ব্রাজিলে গিয়ে গ্রুপে তৃতীয় হয়ে ফিরেছে ভিসেন্তে দেল বস্কের দল। নেদারল্যান্ডস ও চিলির কাছে প্রথম দুটি ম্যাচে হারলেও শেষ ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে স্পেন।