২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশল সফল হওয়ার তৃপ্ত ফন গাল

দুজন বদলি খেলোয়াড়ের গোলে চিলিকে হারিয়ে নিজেকে ভাগ্যবান বলছেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। তবে তিনি বেশি খুশি এই ম্যাচ নিয়ে তার কৌশল কাজে লাগায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 08:55 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

সোমবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোতে শেষ ১৩ মিনিটের দুই গোলে চিলির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। এই জয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় রাউন্ডে উঠেছে বিশ্বকাপে তিন বার ফাইনাল খেলা ডাচরা।

বদলি হিসেবে নেমে অভিষেক বিশ্বকাপে বলে প্রথম ছোঁয়াতেই গোল পান লেরোয় ফের। ৭৭ মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি তিনি করেন হেড থেকে। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় মেমফিস ডিপাই।

ম্যাচ শেষে দুই বদলি খেলোয়াড়ের গোল পাওয়াকে ফন গালই দেখছেন অন্যরকম ভাবে, "ভাগ্য, এটা আসলেই ভাগ্য!"

তবে একদমই যে ঝড়ে বক মরেনি, ফন গাল উল্লেখ করেছেন সেটাও।

"আমি জানতাম, লেরোয় ফের দূর থেকে শট নিতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে। আমি জানি সে হেডে ভালো এবং চিলির বিপক্ষে এটা বাড়তি সুবিধা দেবে।"

ডিপাইকে নামানোর কারণটাও বলেন ফন গাল, "বিশ্লেষণ করে দেখি, শেষ ১৫ মিনিটে চিলি বেশি জায়গা দিয়েছে, তাই সৃজনশীল ফুটবলার নামালে এর সুবিধা নিতে পারবে। সে অসাধারণ একটা গোল করল।"

ম্যাচ শেষে চিলির কোচ হোর্হে সামপাওলি নেদারল্যান্ডসকে রক্ষণাত্মক ফুটবল খেলার অভিযোগ অভিযুক্ত করেন। এর জবাবে ফন গাল কৌশল সফল হওয়ার কথা বলেন সাংবাদিকদের।

"জয় এনে দেবে এমন কৌশল তৈরি করতে হবে আপনাকে। আমরা বেশি ভুল পাস দেইনি এবং সুযোগ তৈরি করছিলাম। আর এতেই ফল পেয়েছি। এটা না হলে তো আমার মাথায় বাড়ি মারতেন!"