২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরল সমীকরণ: গ্রুপ 'সি'

প্রথম দুই ম্যাচ শেষেই ‘সি’ গ্রুপের নকআউট পর্বে উঠে গেছে কলম্বিয়া। তবে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার সুযোগ আছে বাকি তিনটি দলেরই। সমীকরণটা তাই মোটেও সরল নয় এ গ্রুপের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 07:27 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে কেবল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কলম্বিয়া এবং ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কোত দি ভোয়ার (আইভরি কোস্ট)।

কলম্বিয়া:

অন্য ম্যাচের ফল যাই হোক না কেন, জাপানের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে কলম্বিয়া।

হারলেও সুযোগ আছে। গ্রিসের বিপক্ষে কোত দি ভোয়া পয়েন্ট হারালে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে কলম্বিয়া।

তবে কলম্বিয়া হারলে এবং কোত দি ভোয়া জিতলেও কলম্বিয়ার গ্রুপ সেরা হওয়া সম্ভব। তখন দুই দলেরই পয়েন্ট সমান ৬ হওয়ায় দেখা হবে গোল ব্যবধান। এক্ষেত্রে ম্যাচ শুরুর আগে গোল পার্থক্যে কোত দি ভোয়ার (০) চেয়ে এগিয়ে আছে কলম্বিয়া (+৪)। দুটি ম্যাচের ফলে কোত দি ভোয়া গোল পার্থক্যে এগিয়ে না যেতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চিন্তা নেই কলম্বিয়ার।

কোত দি ভোয়া:

গ্রিসের বিপক্ষে জিতলেই নকআউট পর্বে উঠবে কোত দি ভোয়া।

এই ম্যাচে ড্র করলেও আফ্রিকার দলটির সেরা ষোলোতে ওঠার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্য ম্যাচের উপর। কলম্বিয়ার কাছে জাপান হারলে গ্রিসের সঙ্গে ড্র করেও পরের রাউন্ডে খেলবে কোত দি ভোয়া।

জাপান যদি কলম্বিয়াকে হারায় এবং গ্রিসের সঙ্গে কোত দি ভোয়া যদি ড্র করে তাহলে কোত দি ভোয়া ও জাপানের পয়েন্ট হয়ে যাবে সমান ৪। তখন বিবেচনায় আসবে গোল পার্থক্যের হিসেব। বর্তমানে গোল ব্যবধানে জাপানের (-১) চেয়ে কোত দি ভোয়া (০) এগিয়ে।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোত দি ভোয়াকে শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচে হারতে হবে কলম্বিয়াকে এবং এর মাধ্যমে গোল পার্থক্যেও এগিয়ে যেতে হবে।

জাপান:

প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া জাপানকে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে কলম্বিয়াকে শুধু হারালেই হবে না, নির্ভর করতে হবে অন্য ম্যাচের উপরও।

সেই ম্যাচে কোত দি ভোয়া জিতলে জাপানের কোনো আশা নেই। ম্যাচটি ড্র হলে কোত দি ভোয়া আর জাপানের পয়েন্ট হবে সমান ৪। আর গ্রিস জিতলে তাদেরও পয়েন্ট হবে ৪।  তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব।

তাই কলম্বিয়ার সঙ্গে বেশি গোলের ব্যবধানে জিতে এই হিসেব পক্ষে আনার চেষ্টাই করতে হবে জাপানকে।

গ্রিস:

নকআউট পর্বে খেলতে হলে অবশ্যই জিততে হবে গ্রিসকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে কলম্বিয়ার কাছে যেন জাপান পয়েন্ট হারায়।

জাপান জিতলেও অবশ্য সুযোগ থাকছে গ্রিসের। সেক্ষেত্রে বড় ব্যবধানে জিততে হবে ইউরোপের দলটিকে। কারণ তখন দুই দলের পয়েন্ট সমান ৪ হওয়ায় দেখা হবে গোল পার্থক্য, যেখানে গ্রিসের (-৩) চেয়ে ভালো অবস্থানে জাপান (-১)।

গ্রুপ সি:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
কলম্বিয়া২২০০৫১+৪৬
আইভরি কোস্ট২১০১৩৩+০৩
জাপান২০১১১২-১১
গ্রিস২০১১০৩-৩১