নকআউট লক্ষ্যে কোত দি ভোয়া-গ্রিস লড়াই
বিশ্বকাপ ইতিহাসে দল দুটির ঠাঁই একই পৃষ্ঠায়। বিবর্ণ সেই পৃষ্ঠায় কেবল ব্যর্থতার হরফ। কোত দি ভোয়া (আইভরি কোস্ট) ও গ্রিস এর আগে দু’বার বিশ্বকাপ খেলে কোনো বারই যে পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধা!
তৃতীয় অংশগ্রহণে প্রথম সাফল্যের সৌরভ পাচ্ছে তারা। দুটি দেশের সামনেই যে আছে এবার নকআউট পর্বে ওঠার হাতছানি! মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় ফোর্তালেজার কাস্তেলাও আরেনায় দল দুটি মুখোমুখি হবে সে সম্ভাবনার অঙ্ক মাথায় রেখেই।
দ্বৈরথের আবহে সম্ভাবনার সমীকরণে কিছুটা এগিয়ে কোত দি ভোয়া। প্রথম দুই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় এই খেলায় জিতলেই তারা চলে যাবে শেষ ষোলোতে; আর কোনো হিসেব-নিকেশের অপেক্ষায় থাকতে হবে না। তবে সেই হিসেব-নিকেশে এমনকি ড্র করেও স্বপ্নপূরণ হতে পারে তাদের।
তুলনায় গ্রিসের সম্ভাবনায় বরং আশঙ্কার নানা প্যাঁচ। প্রথম দুই ম্যাচে মোটে এক পয়েন্ট তাদের সংগ্রহে। সে কারণে আজ আফ্রিকান দেশটির বিপক্ষে জিততেই হবে গ্রিসকে। জিতলে এরপর তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য খেলার ফলে যেন জাপানকেও পিছু ফেলা যায়। তাহলেই কলম্বিয়ার সঙ্গী হবে তারা।
কোত দি ভোয়ার বিবর্ণ বিশ্বকাপ রেকর্ডে ‘গ্রুপ অব ডেথ’-এর ভূমিকা আছে। গত দুটো আসরেই যে মৃত্যুকূপের গ্রুপে পড়ে গিয়েছিল তারা! কিন্তু গ্রিসের অমন কোনো ‘অজুহাত’ নেই। বিশ্বকাপে খেলা এখন পর্যন্ত আট ম্যাচে ১৮ গোল খেয়ে মাত্র দুটি গোল করার রেকর্ড প্রমাণ দেয় তাদের অসহায়ত্বের। ওই আট ম্যাচের মধ্যে একটিতেই কেবল জিতেছে তারা, গোলও করেছে ওই এক ম্যাচে। চলতি বিশ্বকাপের দুই ম্যাচ সহ বাকি সাত ম্যাচে যারা গোল করতে পারেনি, তারা এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোত দি ভোয়াকে হারাবে- এমন বিশ্বাসের পালে হাওয়া লাগছে না। তার উপর এই ম্যাচে আবার নেই অধিনায়ক কাতসোরানিস। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় খেলতে পারছেন না এই মিডফিল্ডার। তাতে মাঝমাঠের দখল আরো হাতছাড়া হওয়ার আশঙ্কা গ্রিসের।
কাগজ-কলমের শক্তিতে এমনিতেই চেয়ে বেশ এগিয়ে কোত দি ভোয়া। প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে শুরুটা ‘এলিফ্যান্ট’দের ভালোই হয়েছিল। কিন্তু পরের খেলায় হেরে যায় তারা কলম্বিয়ার কাছে। কিন্তু দেশটির ‘সোনালী প্রজন্ম’ যে গ্রিসের বাধা টপকে যাওয়ার সামর্থ্য রাখে, এ নিয়ে দ্বিমত নেই খুব একটা। তবে কোচ সাবরি লামুশি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েও সতর্ক, “এই খেলায় জিতলে যে দেশের ফুটবল ইতিহাসে আমাদের নাম লেখা হবে, সেটি আমরা জানি। সেটি হবে অবিশ্বাস্য এক অর্জন। তবে গ্রিসের দলটিও ভালো। সে কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”
মহাগুরুত্বপূর্ণ দ্বৈরথের আগে কোত দি ভোয়া শিবির ঢেকে আছে শোকের ছায়ায়। কোলো তুরে ও ইয়াইয়া তুরেদের ছোট ভাইয়ের মৃত্যুর খবর এসে যে পৌঁছেছে দিন কয়েক আগে! তুরে ভাইরা তবু বিশ্বকাপে থেকে যাওয়া মনস্থির করেছেন। গ্রিসের বিপক্ষে কাঙ্খিত ফল নিয়ে আইভরি কোস্টের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা নিশ্চিত করতেই হয়তো।
