২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোস্টা রিকার সামনে ইংল্যান্ড

এমনটা কেউ ভাবতে পারেননি। বিশেষজ্ঞের বিশ্লেষণে অজেয় কোস্টা রিকার অদম্য জয়যাত্রার কথা লেখা ছিল না কোথাও। প্রথম দুই ম্যাচে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইতালিকে তারা হারিয়ে দেবে, এতটা কী করে ভাববেন কেউ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

ফুটবল-রূপকথার নতুন অধ্যায় লিখে কোস্টা রিকা জিতল প্রথম দুই ম্যাচ। তাতে নিজেদের নকআউট পর্বে যাওয়া যেমন নিশ্চিত হয়েছে, তেমনি শেষ হয়ে গেছে ইংল্যান্ডের ২০১৪ বিশ্বকাপ-অধ্যায়। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দশটায় বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে কোস্টা রিকা-ইংল্যান্ড ম্যাচের গুরুত্ব তাহলে কী? প্রথম দলের গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ আর দ্বিতীয় দলের সম্মান কিছুটা পুণরুদ্ধার, এই তো।

প্রথম দুই ম্যাচ জেতা কোস্টারিকা এবং প্রথম দুই ম্যাচ হারা ইংল্যান্ডের দ্বৈরথের সারমর্ম এটিই।

ড্র হবার পর থেকে ফেভারিট, আন্ডারডগ নিয়ে নানা মত দিয়েছেন নানা জন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কোন দলের সবচেয়ে কম- এ বিষয়ে সবার মতৈক্যে পৌঁছতে সময় লাগেনি। বাকি ৩১ দলের চেয়ে কোস্টা রিকাকে পিছিয়ে রাখার সিদ্ধান্ত নিতে দেরি হয়নি মোটেও। হবে কেন! ‘ডি’ গ্র“পে ইতালি-উরুগুয়ে-ইংল্যান্ডের মতো সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গী যে তারা!

অথচ কী আশ্চর্য, চতুষ্টয়ের মধ্যে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে কোস্টা রিকাই! সেটি অন্য সবার কাছে বিশাল চমক হতে পারে, তাদের নিজেদের কাছে একেবারেই না। মিডফিল্ডার সেলসো বোর্হেসের দৃপ্ত উচ্চারণে প্রতিফলিত সেটি, “চমক আসলে অবিশ্বাসীদের জন্য।” অর্থাৎ নিজেদের সামর্থ্যে বিশ্বাস থাকায় উরুগুয়ে-ইতালিকে হারানোটা কোস্টা রিকার জন্য চমক না। তাহলে ইংল্যান্ডকে হারানোই-বা হবে কেন!

বহু বছরের মধ্যে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড এসেছিল বড় কোন প্রত্যাশা ছাড়া। অন্তত এই দলটি শিরোপা জিতে যাবে- এত বড় আশা করার লোক খুব বেশি ছিল না। তাই বলে প্রথম দুই ম্যাচ হেরে শেষ ম্যাচের আগেই বিদায় নিয়ে নেবে- সেটিও ভাবেননি অনেকে। রয় হজসনের দল হাঁটল সেই পথেই। বিশ্বকাপে খেলতে গিয়ে ১৯৫৮ আসরের পর প্রথমবারের মতো ওঠা হল না পরের রাউন্ডে। আর ১৯৮৮ ইউরো চ্যাম্পিয়নশিপের পর বড় কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো গ্রুপ পর্বের সব ম্যাচ হারের চোখ রাঙানি এখন তাদের সামনে।

ব্রাজিল থেকে এমনভাবে বিদায় নেওয়ায় যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেটি স্বীকারে অকপট ওয়েইন রুনি। নিজের তৃতীয় বিশ্বকাপে এসে প্রথম গোল পাওয়া এই ফরোয়ার্ড সতীর্থদের আহবান জানিয়েছেন, শেষ ম্যাচে সম্মানের কথা ভেবে খেলার, “অবশ্যই এমন বিদায় বেদনাদায়ক। তবে এখান থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। নিজেদের গৌরবের কথা ভেবে শেষ ম্যাচে করতে হবে লড়াই।”

ইংল্যান্ডের লড়াই সব ম্যাচ হেরে চূড়ান্ত বিব্রতকর পরিস্থিতি এড়ানোর। আর কোস্টা রিকার যুদ্ধ সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে অন্যরকম হ্যাটট্রিক অর্জনের। সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নশিপও।

এই ম্যাচে ইংল্যান্ডের একাদশে আসছে বেশ কটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক স্টিভেন জেরার্ড চোটের কারণে খেলছেন না। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড একাদশে তাঁর জায়গা এবং অধিনায়কত্ব দুটোই নেবেন। লেফট ব্যাক লেইটন বেইনসের জায়গায় লুক শর খেলার সম্ভাবনা প্রবল। রস বার্কলি, জেমস মিলনার, ক্রিস স্মলিংরাও ফ্লপদের সরিয়ে একাদশে জায়গার দাবিদার।

কোচ রয় হজসন ইঙ্গিত দিয়েছেন একাদশে পরিবর্তনের, “স্কোয়াডের বাকিদের সুযোগ করে দেওয়ার জন্য শুধু আমি পরিবর্তন আনব না। অন্যরা কী করতে পারে, সেটি দেখার জন্য আনব পরিবর্তন। এটি যে পুরোপুরি ভবিষ্যতের কথা ভেবে করা হচ্ছে, তা না। আবার আবেগের ভেসে গিয়েও অমন সিদ্ধান্ত নিচ্ছি না।”

আবেগের ওড়াওড়ি প্রবলভাবেই আছে কোস্টা রিকা ক্যাম্পে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সেটি নিয়ন্ত্রণ জরুরি বলে মত দলটির সহকারী কোচ পাওলো ওয়ানচোপের, “আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আবেগ বশে রাখা। হয়তো নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছি। তবে দল হিসেবে আরো শক্তিশালী হওয়ার জন্য সেটি গুরুত্বপূর্ণ।”

কোস্টা রিকার কিংবদন্তি এই ফরোয়ার্ডের পরের কথা, “আমরা একাদশে কিছু পরিবর্তন আনব। যারা আগের ম্যাচগুলোয় খেলায় সুযোগ পায়নি, তাদের অনেকে সুযোগ পাবে। আমাদের এই সিস্টেমে তারা কতোটা কার্যকরভাবে মানিয়ে যায়, সেটি দেখতে হবে।”

নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোস্টা রিকা দ্বিতীয় সারির খেলোয়াড় নামিয়ে দেখবে, তারা কেমন খেলে! বিশ্বকাপ শুরুর আগে এমন সম্ভাবনার কথা কেউ বললে নির্ঘাত তাকে পাগল ঠাওরানো হতো!