সরল সমীকরণ: গ্রুপ 'ডি'
ফুটবলবোদ্ধাদের সব হিসেবে পাল্টে দিয়ে ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ থেকে সবার আগে নকআউট পর্বে উঠেছে কোস্টা রিকা। এখন তাদের সঙ্গী হতেই কিনা অঙ্ক কষতে হচ্ছে ইতালি ও উরুগুয়েকে।
তবে শেষ রাউন্ডে ওই দুটি দল মুখোমুখি হওয়ায় তাদের সামনে হিসাবটি খুব সোজা।
যে জিতবে সেই সেরা ষোলোর টিকেট পাবে। আর ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে খেলবে চারবারের চ্যাম্পিয়ন ইতালি।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও তিন দলের সম্ভাবনা আছে।
শেষ রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে হার এড়াতে পারলেই গ্রুপ সেরা হবে কোস্টা রিকা।
ওই ম্যাচে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে মধ্য আমেরিকার দেশটি তবে তখন নির্ভর করতে হবে অন্য ম্যাচের উপর।
ইতালি ও উরুগুয়ে ড্র করলে হেরেও গ্রুপের এক নম্বর দল হবে তারা।
তবে ইতালি জিতলে ও কোস্টারিকা হারলে দুই দলেরই তখন পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে ধরা হবে গোল ব্যবধান। ম্যাচ শুরুর আগে গোল পার্থক্যে ইতালির (০) চেয়ে এগিয়ে আছে কোস্টা রিকা (+৩)। কোস্টা রিকার হার ও ইতালির জয়ে এই গোল ব্যবধান ইতালির পক্ষে এলেই কেবল তারা গ্রুপ সেরা হতে পারবে।
উরুগুয়ে জিতলে ও কোস্টা রিকা হারলেও দুই দলের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রেও বিবেচনায় আসবে গোল পার্থক্য। এখানেও উরুগুয়ের (-১) চেয়ে এগিয়ে কোস্টা রিকা (+৩)। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে উরুগুয়েকেও এই গোল পার্থক্য পক্ষে আনতে হবে।
পয়েন্ট তালিকা: গ্রুপ ডি
| দেশ | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| কোস্টা রিকা | ২ | ২ | ০ | ০ | ৪ | ১ | +৩ | ৬ |
| ইতালি | ২ | ১ | ০ | ১ | ২ | ২ | ০ | ৩ |
| উরুগুয়ে | ২ | ১ | ০ | ১ | ৩ | ৪ | −১ | ৩ |
| ইংল্যান্ড | ২ | ০ | ০ | ২ | ২ | ৪ | −২ | ০ |
