জয় দিয়ে শেষের প্রত্যাশা হেন্ডারসনের
টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের বিশ্বাস, কোস্টা রিকার বিপক্ষে শেষ ম্যাচে দৃঢ়ভাবে ফিরবে ইংল্যান্ড।
ইতালির কাছে ২-১ হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ইংল্যান্ড পরের ম্যাচে একই ব্যবধানে হারে উরুগুয়ের কাছে।
মঙ্গলবার বেলো হরিজন্তেতে কোস্টা রিকা ম্যাচ দিয়ে শেষ হবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ওয়েবসাইটে হেন্ডারসন বলেন, “আমি নিশ্চিত, দেশে সবাই হতাশ। আমরা বুঝতে পেরেছি, অনেক মানুষকে আমরা হতাশ করেছি। একই সঙ্গে আমরা সবাইকে দেখিয়েছি, বড় টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের নিয়েও আমরা কতটা ভালো খেলতে পারি।”
হেন্ডারসন, রাহিম স্টার্লিং, অ্যাডাম লালানের মতো তরুণদের নিয়ে ব্রাজিল বিশ্বকাপে এসেছে ইংল্যান্ড।
হেন্ডারসন জানান, ইংল্যান্ডের দলটি এখনো তরুণ, তবে কোনো ভীতি ছাড়াই খেলতে নামেন তারা। তার দৃঢ় বিশ্বাস, এই দলটি এক সঙ্গে খেললে ভবিষ্যতে অনেক সুখস্মৃতিই আসবে।
লিভারপুল মিডফিল্ডার হেন্ডারসন মনে করেন, বিশ্বকাপে খেলার চেয়ে বড় কিছু নেই। জয়-পরাজয় যাই হোক, এটি অবিশ্বাস্য একটি অভিজ্ঞতা। এখান থেকে যতটা সম্ভব শিখতে হবে।
“অন্য দুটি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করবো। বাদ পড়েছি বলে ভিন্নভাবে প্রস্তুতি নেইনি, চেষ্টা থাকবে জয় দিয়ে শেষ করার। সব ম্যাচ হেরে আমরা দেশে ফিরতে চাই না।”
