ইতালির বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত সুয়ারেস
ইংল্যান্ডের বিপক্ষে সর্বস্ব দিয়ে খেলা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস জানিয়েছেন, ভীষণ গুরুত্বপূর্ণ ইতালি ম্যাচের আগে তার হাঁটু একদম ঠিক অবস্থায় রয়েছে।
চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় কোস্টা রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি সুয়ারেস। সেই ম্যাচে ৩-১ গোলে হারে উরুগুয়ে। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ফিরে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।
মঙ্গলবার নাতালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে উরুগুয়ে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জিততেই হবে গতবারের সেমি-ফাইনালিস্টদের।
এক সংবাদ সম্মেলনে সুয়ারেস বলেন, "সেদিন আমি প্রায় শতভাগ ফিট ছিলাম। আমি আমার শারীরিক সামর্থ্যের শেষ সীমায় ছিলাম। আমি ক্লান্ত ছিলাম।"
"হাঁটু একদম ঠিক আছে। ঠিক না থাকলে আমি কোচকে জানাতাম। অস্ত্রোপচারের পর সব সময়ই আপনার শঙ্কা থাকবে, কিন্তু প্রতিক্রিয়া ছিল অসাধারণ।"
অস্কার তাবারেজ মনে করেন, পুরোপুরি ফিট না হলেও সুয়ারেস উরুগুয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ।
"লুইস খুব গুরুত্বপূর্ণ। গোলের সামনে শেষ ২০ মিটারে কি করতে হয় তা সে জানে। শুধু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই সে এটা হারাতে পারে না। দলের অন্যদের প্রতি সম্মান রেখেই বলছি, শতভাগ 'ফিট' না হলেও সে ভালো বিকল্প।"
ইতালির বিপক্ষে খেলার সুযোগকে 'স্বর্গের আশীর্বাদ' হিসেবে দেখছেন তাবারেস। ইউরোপের দলটির প্রতি সমীহেরও কোনো কমতি নেই তার। তবে মারিও বালোতেল্লিদের ভয় পাচ্ছেন না তিনি।
