২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়াটদের হারিয়ে ব্রাজিলের সঙ্গী মেক্সিকো

মেক্সিকোর আসল লড়াইটা ছিল ব্রাজিলের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ক্রোয়েশিয়াকে সহজেই ৩-১ গোলে হারিয়ে তারা নক আউট পর্ব নিশ্চিত করলেও ব্রাজিলের পেছনে থেকে রানার্সআপই হতে হয়েছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:23 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

অন্য ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে ক্যামেরুনকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পেছনে পড়ে মেক্সিকো।

সেরা ষোলোতে মেক্সিকো খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের সঙ্গে আর ব্রাজিল খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ চিলির বিপক্ষে।

সোমবার রেসিফির আরেনা পের্নামবুকোয় ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করলেই মেক্সিকোর সেরা ষোলো নিশ্চিত হতো। কিন্তু কারো উপর নির্ভর না করতে নক আউট পর্বে উঠতে হলে ক্রোয়েশিয়ার জয়ের কোনো বিকল্প ছিল না।

ক্রোয়েশিয়ার মতো মেক্সিকোও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। ১৬তম মিনিটে এগিয়েও যেতে পারতো মেক্সিকো। কিন্তু মিডফিল্ডার এক্তর এররেরা শটটি ক্রসবারে লাগে।

তিন মিনিট বাদে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পায় উত্তর আমেরিকার দেশটি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন ওরিবে পেরালতা। শট নিতে গিয়ে পা পিছলে পড়ে যান সান্তোসের এই ফরোয়ার্ড।

আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি ক্রোয়াটরা। মূলত ডি বক্সের বাইরে থেকেই ভাগ্য পরীক্ষা করে তারা। ফলে ওই সময়ের মধ্যে মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াকেও তেমন কঠিন পরীক্ষায় পড়তে হয়নি।

দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ হারায় মেক্সিকো। তবে ৭২তম মিনিটে আর হতাশ হতে হয়নি মেক্সিকোকে।

এক্তর এররেরার কর্নারে অনেকটা লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান অধিনায়ক রাফায়েল মার্কেস। আর এই গোলের সঙ্গে সঙ্গেই যেন প্রতিপক্ষের গোলমুখ খুলে যায় মেক্সিকোর জন্যে।

তিন মিনিট বাদে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান ২-০ করেন আন্দ্রেস গুয়ারদাদো। ওরিবে পেরালতার পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান গুয়ারদাদো।

আর ৮২তম মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন মেক্সিকোর বদলি ফরোয়ার্ড হাভিয়ের এরনান্দেস। এক্তর মোরেনোর ফ্লিক হেড থেকে বল পেয়ে হেড করে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড়। ম্যাচে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর ক্রোয়েশিয়ার একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড ইভান পেরিসিচ।

নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে ক্রোয়েশিয়ার আন্তে রেবিচ সরাসরি লাল কার্ড দেখেন।

পয়েন্ট তালিকা গ্রুপ এ:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
ব্রাজিল৩২১০৭২+৫৭
মেক্সিকো৩২১০৪১+৩৭
ক্রোয়েশিয়া৩১০২৬৬০৩
ক্যামেরুন৩০০৩১৯-৮০