২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে হারিয়ে শীর্ষেই নেদারল্যান্ডস

চিলিকে হারিয়েই গ্রুপ সেরা হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস। ২-০ গোলের এই জয়ে নক-আউট পর্বের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে রাখলো গতবারের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 12:00 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসের পক্ষে গোল দুটি করেন দুই বদলি খেলোয়াড় লেরোয় ফের ও মেমফিস ডিপাই।

গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে স্পেন।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই নেদারল্যান্ডস। ৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই চিলি। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে ফিরলো স্পেন। তিন ম্যাচেই হারা অস্ট্রেলিয়ার পয়েন্ট শূন্য।

প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করেছিল নেদারল্যান্ডস, চিলি। তাই এই দুই দলের লড়াই ছিল গ্রুপ সেরা নির্ধারণের।

সোমবার আরেনা দে সাও পাওলোয় প্রথম দুই ম্যাচের মতো আক্রমণাত্মক চেহারায় দেখা যায়নি নেদারল্যান্ডস ও চিলিকে। তাই প্রথম সত্যিকারের সুযোগের জন্য অপেক্ষা করতে হয় ২৩তম মিনিট পর্যন্ত। চিলির চার্লস আরানগেসের কাছ থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন ফেলিপে গুতিয়েররেস। কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সুযোগটি নষ্ট হয়।

৩৪তম মিনিটে দুবার সুযোগ এসেছিল নেদারল্যান্ডসের সামনে। দুবারই ভুল পাসে সুযোগ নষ্ট হয় গতবারের রানার্সআপ দলটিকে।

নিজেদের অর্ধ থেকে বল নিয়ে চিলির ডি বক্সে ঢুকে পড়েছিলেন নাইজেল ডি ইয়োং। কিন্তু এসি মিলার মিডফিল্ডার ভুল পাস দিয়ে সুযোগ নষ্ট করেন। বল ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি চিলির ডিফেন্ডারা। আবারো সুযোগ এসেছিল, এবার ভুল পাস দেন আরিয়েন রবেন।

৪০তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে চিলির ডি বক্সে ডি বক্সে ঢুকে পড়েছিলেন রবেন। তীব্র গতিতে ছুটা রবেনের সঙ্গে পাল্লা দিতে পারেননি চিলির ডিফেন্ডাররা। কোনাকুনি শটে বল জালে জড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি।

৬৬তম মিনিটে বাঁদিক থেকে ডি বক্সে ঢুকে শট নিয়েছিলেন রবেন। চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভো ঠিকভাবে ফেরাতে না পারলেও কোনো সমস্যা হয়নি। ফিরতি বল বিপদমুক্ত করেন দলের এক ডিফেন্ডার।

৭৬তম মিনিটে নেদারল্যান্ডসের আক্রমণ কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাভো। কিন্তু সেই কর্নার থেকেই গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

কর্নার থেকে বল পেয়ে ক্রস করেন ডারিল ইয়ানমাত। অরক্ষিত লেরোয় ফের নিখুঁত হেড খুঁজে নেয় লাতিন আমেরিকার দেশটির জাল। ৭৫তম মিনিটের বদলি লেরোয়ের সেটাই ছিল বলে প্রথম স্পর্শ।

৮০তম মিনিটে আত্মঘাতী গোল করেই ফেলছিলেন ডি ইয়োং। কর্নার থেকে তার হেড চলে যাচ্ছিল জালে। সেখানে স্টেফান ডা ভ্রেইয়ের হাতে লেগে ফিরে বল। গোল হতে পারতো, হতে পারতো পেনাল্টিও তবে হয়নি কোনোটিই হয়নি।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠে চিলি। তবে ডাচ রক্ষণভাগের দৃঢ়তায় কোনো সাফল্য পায়নি তারা। ইনুজরি সময় থেকে গোল করে উল্টো ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস।

খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে প্রতিআক্রমণ থেকে গোলটি করেন ডিপাই। নিজেদের অর্ধ থেকে বল পেয়েছিলেন রবেন। বাঁদিক থেকে তার ক্রসেই পা ছুঁইয়ে ব্রাভোকে পরাস্ত করেন পিএসভি ফরোয়ার্ড।