সমীকরণ নিয়ে শঙ্কা হোন্ডার
কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি শঙ্কা ঘিরে ধরেছে জাপানের ফরোয়ার্ড কেইসুকে হোন্ডাকে। গ্রুপের শেষ ম্যাচের নানা সমীকরণ ভয় ধরাচ্ছে তার মনে।
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি জিতলে নকআউটে ওঠার সম্ভাবনা থাকবে জাপানের। তবে এর পরেও তাদের চেয়ে থাকতে হবে কোত দি ভোয়া-গ্রিস ম্যাচের দিকে।
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপ থেকে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কোত দি ভোয়া (আইভরি কোস্ট)। ১ পয়েন্ট নিয়ে এর পরেই আছে জাপান। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও গ্রিসের অবস্থান চতুর্থ।
সব মিলিয়ে জাপানকে জটিল এক অঙ্কের মধ্যে আবিষ্কার করেন এসি মিলানের ফরোয়ার্ড হোন্ডা।
"আমরা কঠিন একটা অবস্থার মধ্যে আছি। প্রথম দুটি ম্যাচ পেছনে ফেলে রেখেছি আমরা এবং পরবর্তী ম্যাচের জন্য সবাই প্রস্তুত।"
"এটা বিশ্বকাপ। এখানে অনাকাঙ্খিত ঘটনা ঘচতে পারে এবং এখন নকআউটে ওঠা আর শুধুই আমাদের হাতে নেই। কোনো সম্ভাবনা থাকা পর্যন্ত আমরা হাল ছাড়তে পারি না। এই মুহূর্তে শুধু কলম্বিয়াকে হারানোর কথাই ভাবছি আমরা।"
কোচ আলবের্তো জাক্কেরনির পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকা হোন্ডা বিশ্বকাপ শুরুর আগে নিজের একটা স্বপ্নের কথা বলেছিলেন। শেষ আটের স্বপ্ন দেখা হোন্ডা জাপানকে নিয়ে আরো দূরে যাওয়ার কথাও ভেবেছিলেন। চেয়েছিলেন বিশ্বকে চমক দেখাতে।
