পর্তুগালের সঙ্গে ড্র নিয়ে খুশিই ক্লিন্সমান
গ্যালারিতে যুক্তরাষ্ট্রের সমর্থকরা শেষ ষোলোর টিকেট পাওয়ার আগাম আনন্দ শুরু করে দিয়েছিল। ক্রিস্তিয়োনো রোনালদোর ক্রস থেকে ভারালের গোলে পর্তুগাল সমতায় ফিরলে তাদের সেই আনন্দে ছেদ পড়ে। তবে এই ম্যাচ নিয়ে পড়ে না থেকে যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান জার্মানির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ নিয়েই ভাবতে চান।
রোববার মানাউসের আরেনা আমাজনিয়ায় নাটকীয় ম্যাচে নানির গোলে শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে জোন্স আর ডেম্পসির গোলে এগিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রকে যোগ করা সময়ের শেষ মিনিটে জয় বঞ্চিত করেন ভারালে।
জার্মানির বিপক্ষে ড্র করতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে যুক্তরাষ্ট্রের। এই হিসেবের কারণেই হয়ত পর্তুগালের বিপক্ষে ড্রতেও বিচলিত নন যুক্তরাষ্ট্রের কোচ।
"শুরুর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আমাদের খুশিই থাকা উচিত।"
এক ম্যাচ বাকি রেখে নকআউটের টিকেট পেতে পতেও পাওয়া হলো না বলে যুক্তরাষ্ট্র দলে মন খারাপের একটা আবহ ছড়িয়ে পড়েছে বলে জানালেন ক্লিন্সমান।
"বিষয়টি আমাদের জন্য খুব আবেগের ছিল; খেলোয়াড়, সমর্থক, বেঞ্চে বসে থাকা সবার জন্য।"
তবে এই ম্যাচ নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না যুক্তরাষ্ট্রের জার্মান কোচ।
"পর্তুগাল ম্যাচের আলোচনা বাদ। জার্মানির বিপক্ষে ম্যাচের আগে আমাদের সতেজ হয়ে উঠতে হবে। কারণ, বিশ্বকাপ সবসময়ই পরবর্তী ম্যাচের বিষয়।"
