ব্রাজিলের সঙ্গী হওয়ার লড়াই
এক দল ড্র করলেই যাবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। অন্য দলটিকে সে লক্ষ্য নিশ্চিত করতে হলে জিততে হবে। সোমবার বাংলাদেশ সময় রাত দুটায় রেসিফির পেরনামবুকো অ্যারেনায় শুরু হওয়া মেক্সিকো-ক্রোয়েশিয়া ম্যাচটির গুরুত্ব তাই ব্যাপক। এগারো দু’গুণে ২২ জনের লড়াই ছাপিয়ে যেটি শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে দুই দলের দুই জনের দ্বৈরথ।
অন্তত সর্বশেষ ম্যাচে মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ও ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মারিও মানজুকিচের ফর্ম সে সম্ভাবনার কথাই বলছে।
ওচোয়া ছিলেন প্রায় অচেনা একজন। গত দুই বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ক্লাব ফর্মও অমন আহামরি কিছু না। তিন মৌসুম ফরাসি ক্লাব অ্যাজাক্সিওতে কাটানোর পর তিনি এখন ‘ফ্রি এজেন্ট’। অর্থাৎ এই মুহূর্তে কোন ক্লাবই নেই ওচোয়ার! অথচ এই গোলরক্ষকই কিনা ব্রাজিলের বিপক্ষে করলেন অমন অতিমানবীয় সব সেভ। এর মধ্যে নেইমারের হেড যেভাবে ফিরিয়েছেন, ১৯৭০ বিশ্বকাপে পেলের হেড থেকে গর্ডন ব্যাঙ্কসের সেভের কথা মনে করিয়ে দিয়েছে তা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পাদপ্রদীপের আলোয় তিনি থাকছেন নিশ্চিতভাবে।
সেই আলোর কিছুটা ভাগ অবশ্য দিতে হচ্ছে মানজুকিচকে। বাছাইপর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ব্রাজিলের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছিলেন না। ফিরলেন ক্যামেরুনের বিপক্ষে। তার সেই ফেরার হল বীরের বেশে। আফ্রিকান দলটিকে ৪-০ গোলে হারানোয় জোড়া গোল যে বায়ার্ন মিউনিখে খেলা এই ফরোয়ার্ডের। মেক্সিকোর গোলরক্ষক ওচোয়াকে ফাঁকি দিয়ে গোল করায় ক্রোয়াটদের সবচেয়ে বড় আস্থা তাই তিনি।
ওচোয়া-মানজুকিচের লড়াইয়ের ভেতর এই লড়াইয়েই নির্ধারিত হয়ে যেতে পারে মেক্সিকো-ক্রোয়েশিয়া ম্যাচের ফল। সমান্তরালে ‘এ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের লাইনআপও। এই গ্রুপ থেকে ব্রাজিলের যাওয়ার সম্ভাবনা বেশি। এই দুটি দলের লড়াই তাই স্বাগতিকদের সঙ্গী হওয়ার।
ক্রোয়েশিয়া ক্যাম্পে মেক্সিকোর জন্য সমীহ আছে যথেষ্ট। পাশাপাশি তাদের হারানোর আত্মবিশ্বাসও বহমান। মিডফিল্ডার ইভান পেরিসিচের কথাতেই তা বোঝা যাচ্ছে, “দ্রুতগতিতে খেলা দারুণ দক্ষ দল মেক্সিকো। ওদের গোলরক্ষক ওচোয়া ব্রাজিলের বিপক্ষে খেলেছে অসাধারণ। তবে আমরা যদি ক্যামেরুনের বিপক্ষে পারফরম্যান্সের পুণরাবৃত্তি ঘটাতে পারি, তাহলে ওদের হারানোর ভালো সম্ভাবনা আমাদের থাকবে।”
ক্রোয়াট কোচ নিকো কোভাচ তো খেলাটিকে দেখছেন ফাইনাল হিসেবেই, “মেক্সিকোর বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ফাইনালের মতো। বেশ প্রেসিং করে আক্রমণাত্মক ফুটবল খেলে ওরা। আক্রমণে তুখোড় হলেও রক্ষণে কিছু ফাঁকফোকড় আছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দেখে আমরা তাই বুঝেছি।”
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মেক্সিকোর জয় না পেলেও চলে। কিন্তু জিততে চায় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে। মিডফিল্ডার এক্তর এররেরা বলেছেন তেমনটাই, “আমরা ব্রাজিলেরও আগে থাকার চেষ্টা করছি। আরো একটি ম্যাচ আছে। বরাবরের মতো সেখানে জয়ের জন্যই খেলব। ব্রাজিলের বিপক্ষে মেক্সিকো দুর্দান্ত খেললেও ওদের হারানোর সর্বাত্মক চেষ্টা করব।”
১৯৯৮ সালে বিশ্বকাপ অভিষেকে সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। কিন্তু এরপর আর কখনো পেরোতে পারেনি গ্রুপ পর্ব। মেক্সিকো অবশ্য গ্রুপ পর্ব পেরোয় প্রায় নিয়ম করে। সর্বশেষ পাঁচ টুর্নামেন্টেই শেষ ষোলোতে গিয়েছে। তবে শেষ আটে উঠতে পারেনি সেই ১৯৮৬ সালের পর। এবার সেই গেরো ছোটানোর লক্ষ্যে ব্রাজিলে এসেছে তারা। সেজন্য আগে তো দ্বিতীয় রাউন্ডে যেতে হবে।
আপাতত ওই দ্বিতীয় রাউন্ডই মেক্সিকো-ক্রোয়েশিয়া দুই দলের লক্ষ্য। আর সেটি অর্জনের জন্য ওচোয়া-মানজুকিচের দিকে খুব করে তাকিয়ে থাকবে দল দুটি।
