কিছু পাওয়ার লড়াই
গ্রুপ পর্ব শেষের আগেই সব হারিয়ে রিক্ত শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রাখা স্পেন। প্রথম দুটি ম্যাচ হেরে স্বপ্ন দু:স্বপ্নে রূপ নিয়েছে তাদের। প্রথম দুই ম্যাচ হেরে বাড়ি ফেরা নিশ্চিত অস্ট্রেলিয়ারও। কঠিন গ্রুপে পড়ায় ব্রাজিল বিশ্বকাপ থেকে বেশি কিছু চাওয়ার ছিল না তাদের। শেষ গ্রুপ ম্যাচে স্পেনের মতো অস্ট্রেলিয়ারও তাই লক্ষ্য-কিছু নিয়ে যদি ফেরা যায়!
'বি' গ্রুপে স্পেন-অস্ট্রেলিয়া ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা দা বাইশাদা, কুরিচিবা
ধারণক্ষমতা: ৩৯ হাজার ৬৩১
ম্যাচ শুরু: সোমবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: নওয়াফ শুকরাল্লা (বাহরাইন)
# গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে অস্ট্রেলিয়া। স্পেনের বিপক্ষে ম্যাচে আগে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ গোলদাতা টিম ক্যাহিলের নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারাটা।
# ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনেরও বাড়ি ফেরা নিশ্চিত। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও চিলির কাছে হেরে গেছে তারা। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্বের বৈতরণী পেরোতে পারল না স্পেন।
# ইউরো ২০০৮, ২০১০ বিশ্বকাপ ও ইউরো ২০১২-এই তিনটি বড় টুর্নামেন্টের ১৯ ম্যাচে মাত্র ৬ গোল খেয়েছে স্পেন। এই বিশ্বকাপের ২ ম্যাচেই এর চেয়ে একটি বেশি গোল খেয়েছে তারা।
# স্পেন-অস্ট্রেলিয়ার প্রথম সাক্ষাৎ এটা।
