২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরল' সমীকরণ: গ্রুপ এ

ব্রাজিল যদি ক্যামেরুনের কাছে হেরে যায় আর গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো-ক্রোয়েশিয়া ড্র করে তাহলে? বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিদায়ের চেয়েও বড় অঘটন নিয়ে হাজির হবে ২০১৪ বিশ্বকাপ। স্বাগতিক ব্রাজিলের বিদায়!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:08 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

প্রথম পর্বের দুই রাউন্ডের খেলা শেষে ‘এ’ গ্রুপ থেকে ক্যামেরুন ছাড়া অন্য তিন দলেরই দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা আছে। টানা দুই হারে আফ্রিকার দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ব্রাজিল:

শেষ রাউন্ডে ক্যামেরুনের বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিতভাবে নকআউট পর্বে উঠবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

হারলেও সম্ভাবনা থাকবে স্বাগতিকদের; তবে তখন নির্ভর করতে হবে মেক্সিকো ও ক্রোয়েশিয়ার ম্যাচটির উপর। ওই ম্যাচে মেক্সিকো জিতলে হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে সেরা ষোলোর টিকেট পাবে ব্রাজিল।

তবে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই হারলে ব্রাজিলের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করবে গোল পার্থক্যের ওপর। এদিক থেকে একটু এগিয়ে আছে ব্রাজিল। দুই দলই সমান ব্যবধানে হারলে ক্রোয়েশিয়ার সঙ্গী হবে স্বাগতিকরাই।

মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি আর নিজের হাতে রাখতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ জন্য অন্য ম্যাচের ওপর নির্ভর করতে হবে তাদের।

ব্রাজিল ও মেক্সিকো সমান ব্যবধানে জয় পেলে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

দুটি ম্যাচই ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

মেক্সিকো:

ব্রাজিলের মতোই শেষ রাউন্ডে ক্রোয়েশিয়ার সঙ্গে হার এড়াতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে মেক্সিকোর।

হারলেও অবশ্য সম্ভাবনা থাকছে উত্তর আমেরিকার দেশটির। তবে সেক্ষেত্রে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের উপর নির্ভর করতে হবে তাদের। যেমন, মেক্সিকো যদি ১-০ গোলে এবং ব্রাজিল কমপক্ষে তিন গোলের ব্যবধানে হারলে ব্রাজিলকে টপকে দ্বিতীয় রাউন্ডে খেলবে মেক্সিকো।

ব্রাজিল ড্র করলে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো। আর ব্রাজিল হারলে গ্রুপসেরা হতে ড্র করলেই হবে তাদের।

তবে ব্রাজিল জিতে গেলে মেক্সিকোকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বেশি ব্যবধানে জেতার পাশাপাশি গোল-ব্যবধানের হিসেব কষতে হবে। আবার গোল পার্থক্য সমান হয়ে গেলে দেখা হয় কে বেশি গোল দিয়েছে। তাই জয়ের ব্যবধান বেশি কম হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টাবে এই হিসাব।

ক্রোয়েশিয়া:

মেক্সিকোর বিপক্ষে জিতলেই নক আউট পর্বে উঠবে ক্রোয়েশিয়া।

ড্র করলেও ক্রোয়েশিয়ার একটা সম্ভাবনা অবশ্য আছে; সেক্ষেত্রে অন্য ম্যাচে হারতে হবে ব্রাজিলকে।

ব্রাজিল জিততে না পারলে মেক্সিকোকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া। অন্য কোনো সমীকরণে গ্রুপের সেরা হওয়ার কোনো সুযোগ নেই দেশটির।

'এ' গ্রুপের  পয়েন্ট তালিকা:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
ব্রাজিল২১১০৩১+২৪
মেক্সিকো২১১০১০+১৪
ক্রোয়েশিয়া২১০১৫৩+২৩
ক্যামেরুন২০০২০৫-৫০