ওচোয়ার প্রতিরোধ ভাঙার আশা মদরিচের
নেইমারকে ঠেকিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। ক্রোয়েশিয়ার লুকা মদরিচের বিশ্বাস, ওচোয়ার প্রতিরোধ ভাঙার সামর্থ্য রয়েছে সতীর্থ স্ট্রাইকার মারিও মানজুকিচের।
সোমবার রেসিফিতে 'এ' গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
এখন পর্যন্ত অক্ষত রয়েছে মেক্সিকোর জাল। দলটির দুর্ভেদ্য রক্ষণ কখনও ভাঙতে পারলেও ওচোয়াকে এখনো পরাস্ত করতে পারেননি কেউ।
রোববার সাংবাদিকদের মদরিচ বলেন, "ওচোয়ার প্রতি সম্মান রেখেই বলছি, মানজুকিচ তার চেয়েও ভালো গোলরক্ষকের বিপক্ষে গোল করেছেন। কিন্তু কাল সে গোল করলো কি করলো না তা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারলাম কি না।"
রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়ের বিশ্বাস, মেক্সিকোর বিপক্ষে গোল করার একটা উপায় তারা পাবেনই। "সবকিছুতেই প্রথম বলে একটা কথা থাকে। ওরা ভাগ্যের কিছুটা সহায়তা পেয়েছে। আর গোলরক্ষকের পারফরম্যান্সও ছিল অসাধারণ।"
মেক্সিকোর বিপক্ষে তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন জানিয়ে মদরিচ বলেন, "আমরা মনে হয় আমরাই ভালো দল। আমরা জয়ের জন্যই নামবো। "
৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে প্রথম দুটি স্থানে রয়েছে স্বাগতিক ব্রাজিল ও মেক্সিকো। ৩ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই রয়েছে ক্রোয়েশিয়া।
