২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া

২৮ বছরের গোলখরা অবসানের পর আলজেরিয়ার জন্য খুলে গেছে প্রতিপক্ষের গোলমুখ। দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে বিধ্বস্ত করে এবার ৩২ বছরের জয়খরা কাটিয়েছে আরব দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 02:53 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পোর্তো অ্যালেগ্রেতে আফ্রিকার দলের জয়ে একটি করে গোল করেন ইসলাম স্লিমানি, রফিক হালিচে, আবদেলমোমে দিজাবু ও ইয়েসিন ব্রাহিমি।

দক্ষিণ কোরিয়ার পক্ষে একটি করে গোল করেন সন হেং-মিন ও কু জা-চেওল।

১৯৮২ সালে চিলিকে হারানোর পর এটাই বিশ্বকাপে আলজেরিয়ার প্রথম জয়। এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডে যেতে রাশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আর ১ পয়েন্ট চায় তাদের। সমান ম্যাচে কোরিয়ার পয়েন্ট ১।

বেলজিয়ামের বিপক্ষে আগের ম্যাচেই গোল করে ২৮ বছরের গোলখরার অবসান ঘটায় আলজেরিয়া।

রোববার স্তাদিও বেইরা রিওয়ে শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহোদিচ। ৪-৪-২ ফর্মেশনে শুরু থেকেই কোরিয়ার রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে আলজেরিয়া। প্রথম আট মিনিটেই গোল করার মতো তিনটি পরিস্কার সুযোগ তৈরি করে 'মরু শেয়ালরা'। সেগুলো ব্যর্থ হয়ে যাওয়ার পর ১৮ ও ২০ মিনিটে আবারো দুটি সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দেশটির। ২৬তম মিনিটে কোরিয়ার প্রতিরোধ ভেঙে এগিয়ে যায় আলজেরিয়া। দূর পাল্লার একটি ক্রস থেকে বল পেয়েছিলেন স্লিমানি। দুইজন ডিফেন্ডার সঙ্গে লেগে থাকলেও বাধা দিতে পারেননি। স্লিমানির জোরালো শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না দক্ষিণ কোরিয়া গোলরক্ষক জং সুং-রিওং। পরের মিনিটে কর্নারের বিনিময়ে ব্রাহিমির একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন। তবে খুব একটা লাভ হয়নি। কর্নার থেকে কোরিয়ার জাল খুঁজে নেন হালিচে। এগিয়ে এসে পাঞ্চ করার চেষ্টা করেছিলেন সুং-রিওং, কিন্তু তিনি বলে হাতই লাগাতে পারেননি। ৩৭ মিনিটে কোরিয়ার ডিফেন্ডারদের ব্যর্থতায় ব্যবধান আরো বাড়ায় আলজেরিয়া। স্লিমানির পাস থেকে লক্ষ্যভেদ করেন দিজাবো। ৩-০ গোলে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে কোরিয়া। সাফল্য পেতেও দেরি হয়নি। ৪৯তম মিনিটে সন হেং-মিনের গোলে ব্যবধান কমায় দলটি। ব্যবধান কমানোর পর আরো মরিয়া হয়ে উঠে কোরিয়া। ৫২, ৫৬ ও ৫৮তম মিনিটে তিনটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। খেলার ধারার বিপরীতেই ৬১তম মিনিটে আবার ব্যবধান বাড়ায় আলজেরিয়া। ফেঘুলির সঙ্গে ওয়ান-টু খেলে গোলটি করেন ব্রাহিমি। ৪-১ গোলে এগিয়ে যায় দেশটি। বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের এক ম্যাচে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। ৭১তম মিনিটে কু জা-চেওলের লক্ষ্যভেদে আশা জেগে উঠে কোরিয়া শিবিরে। কিন্তু এরপর আর কোনো সাফল্য না পাওয়ায় বিশ্বকাপে আফ্রিকার কোন দেশের বিপক্ষে প্রথম হারটি এড়াতে পারেনি তারা। ২০০৬ সালে টোগোকে ২-১ গোলে হারানোর পর গত বিশ্বকাপে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল কোরিয়া।