২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলি-নেদারল্যান্ডস আকর্ষণীয় লড়াইয়ের প্রতিশ্রুতি

স্পেন বনাম নেদারল্যান্ডস। জার্মানি বনাম পর্তুগাল। ইতালি বনাম ইংল্যান্ড। ইংল্যান্ড বনাম উরুগুয়ে। উরুগুয়ে বনাম ইতালি। বিশ্বকাপের ড্র হওয়ার পর পরই এই পাঁচটি খেলায় লাল দাগ দিয়ে রেখেছিলেন ফুটবলপ্রেমীরা সম্ভাব্য সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে। বিশ্বকাপের ৩২ দলের প্রত্যেকের দুটি করে খেলা হয়ে যাওয়ার পর সেখানে যোগ হয়েছে আরেকটি ম্যাচ নেদারল্যান্ডস বনাম চিলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 01:40 AM

Updated : 25 Apr 2022, 04:21 PM

বাংলাদেশ সময় সোমবার রাত দশটায় সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দল দুটি। শুধু নিজেদের প্রথম দুই ম্যাচ তারা জিতেছে বলে নয়, যেভাবে জিতেছে, সেটিই প্রতিশ্রুতি দিচ্ছে আকর্ষণীয় দ্বৈরথের।

গত ছয় বছর বিশ্ব ও মহাদেশ শাসন করা স্পেনও এই গ্রুপে। তাদের নকআউট পর্ব নিশ্চিত ধরে সঙ্গী হওয়ার লড়াই ছিল অন্যদের মধ্যে। অথচ দুই রাউন্ড শেষে সেই স্পেনই ছিটকে গেছে ব্রাজিল বিশ্বকাপের মানচিত্র থেকে! ছিটকে দিয়েছে এই দুটি দল। প্রথম খেলায় নেদারল্যান্ডস তাদের গুঁড়িয়ে দেয় ৫-১ গোলে; পরের ম্যাচে চিলি উড়িয়ে দেয় ২-০ ব্যবধানে। নিজেদের অন্য ম্যাচে দু’দলই হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সব মিলিয়ে নিজেদের দুই ম্যাচে ডাচরা দিয়েছে আট গোল, চিলি পাঁচ। শুধু শুধুই তো সম্ভাব্য সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে ধরা হচ্ছে না গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণী তাদের এই ম্যাচকে!

আর ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার আলাদা একটা মাত্রা আছে। তা না হলে যে ‘এ’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে হবে দ্বিতীয় রাউন্ডে! স্বাগতিকদের এড়ানোর জন্য নিজেদের লড়াইয়ে তাই আয়েশী হওয়ার সুযোগ নেই কারো। এখানে একটু সুবিধাজনক অবস্থানে নেদারল্যান্ডস। গোল পার্থক্যে এগিয়ে থাকায় তাদের ড্র করলেই চলবে। অন্য দিকে গ্রুপে সবার উপরে থাকতে হলে চিলির সামনে নেই জয়ের বিকল্প।

প্রথম দুই ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের যে সুরভি ছড়িয়েছে নেদারল্যান্ডস, তাতে এই ম্যাচে তারা ড্রয়ের জন্য খেলবে বলে বিশ্বাস করা কঠিন। কোচ লুই ফন হালের কপালে অবশ্য চিন্তার এক ভাঁজ আছে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে নামা হচ্ছে না রবিন ফন পের্সির। স্পেনের বিপক্ষে হেডে করার ওই অবিশ্বাস্য গোলসহ এখন পর্যন্ত বিশ্বকাপে তিন গোল তার। অধিনায়কের অনুপস্থিতিতে ৫-৩-২ থেকে ৪-৩-৩ ফর্মেশনে ফিরে যেতে পারেন ডাচ কোচ। অবশ্য বাছাইপর্বে ৯ ম্যাচে পাঁচ গোল করা ফরোয়ার্ড জেরেমেইন লেন্সকে দিয়ে আবার পরীক্ষিত ফর্মেশনেই খেলাতে পারেন তিনি দলকে।

যেভাবেই খেলান না কেন, চিলির বিপক্ষে জেতা তাদের সহজ হবে না। ফন পার্সির কথা শুনে তো মনে হতে বাধ্য, ড্র করতে পারলেই বর্তে যাবে তারা, “চিলিকে দারুণ দেখাচ্ছে। ফিট, শক্তিশালী। আর খেলছেও ওরা দল হিসেবে। ওদের চার-পাঁচজন ফুটবলার স্পেনের ঘুম হারাম করে দিয়েছিল। এ কারণে আমার মনে হয়, ওদের বিপক্ষে ড্র করাটাও কঠিন হয়ে যাবে।”

ফন পার্সি নেই বহিষ্কারাদেশের কারণে। আর ইনজুরির কারণে ডিফেন্ডার ব্রুনো মার্টিন্সের খেলার সম্ভাবনাও কম।

ডাচদের মতো দুশ্চিন্তার কালো মেঘ আছে চিলি ক্যাম্পের আকাশেও। চিলির বিপক্ষে জয়সূচক গোল করা মিডফিল্ডার চার্লস আরানগেস ও দলের অন্যতম সেরা ফুটবলার আর্তুরো ভিদাল 'ফিট' নন পুরোপুরি। অবশ্য চিলি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সের্হিয়ো ইয়াদে তাদের খেলার ব্যাপারে আশাবাদী, “আরানগেস হাঁটুতে একটু ব্যাথা পেয়েছিল। কিন্তু পরের ম্যাচ খেলার জন্য ও ফিট। আর ভিদালের ইনজুরি নিয়ে আমি ভাবছি না। ও যেন সেরে উঠতে পারে, সেটি নিশ্চিত করার জন্য আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ চেষ্টা করছে।”

এ দুজন সেরে উঠলে চিলির দুশ্চিন্তা কমে যায় অনেকখানি। সামনে আলেক্সিস সানচেস ও এদুয়ার্দো ভার্গাসকে নিয়ে তারা তখন বরং নেদারল্যান্ডসকে দুশ্চিন্তা ‘উপহার’ দিতে প্রস্তুত।

আর নিরপেক্ষ ফুটবলপ্রেমীরা প্রস্তুত সৃজনশীল ফুটবলের ঝলকে অসাধারণ এক ম্যাচের জন্য। এখন পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে যে তিন-চারটি দল, তাদের মধ্যে নেদারল্যান্ডস ও চিলি থাকবে অবশ্যই। তাদের দ্বৈরথ ঘিরে প্রত্যাশা তাই থাকবে না কেন!

গ্রুপ বি:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
নেদারল্যান্ডস২২০০৮৩+৫৬
চিলি২২০০৫১+৪৬
অস্ট্রেলিয়া২০০২৩৬-৩০
স্পেন২০০২১৭-৬০