ব্রাজিলকে এড়াতে চান ফন গাল
দুই দলেরই শেষ ষোলো নিশ্চিত, এর পরও 'বি' গ্রুপে চিলি-নেদারল্যান্ডসের শেষ ম্যাচটি উত্তেজনা ছড়াচ্ছে। দুই দলের জন্যই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ব্রাজিলকে এড়ানোর উপলক্ষ। কোনো রাখঢাক না রেখে নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গালও তার লক্ষ্যের কথা জানিয়েছেনও।
গ্রুপের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের জোরালো অস্তিত্বের প্রমাণ রেখেছে নেদারল্যান্ডস। এর পর অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ডাচরা।
নেদারল্যান্ডসের ব্রাজিলকে এড়াতে চাওয়ার কারণ একটাই-পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে এই বিশ্বকাপের স্বাগতিক।
ফন গাল বলেন, "আমাকে পছন্দ করার সুযোগ দিলে অবশ্যই আমি ব্রাজিলের বিপক্ষে না খেলার বিষয়টিই বেছে নিতাম। ক্রোয়েশিয়া অখবা মেক্সিকোও দুর্বল প্রতিপক্ষ নয়। তবে আমার মনে হয়, স্বাগতিকরা সবসময়ই সুবিধা পায়।"
তবে সোমবার সাও পাওলোতে চিলিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কাজটা ডাচদের জন্য খুব সহজ হবে বলে মনে হয় না। অস্ট্রেলিয়াকে ৩-১ আর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চিলি।
তবে এক দিক থেকে চিলির চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে ডাচরা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যেতে পারবে তারা।
