রাশিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম
আবারো শেষ সময়ে বদলি খেলোয়াড়ের গোলে জিতল বেলজিয়াম। রাশিয়ার বিপক্ষে ১-০ গোলের এই জয়ে ‘এইচ’ গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ষোল নিশ্চিত হয়েছে দলটির।
রোববার রিও দে জেনেইরোতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। রক্ষণভাগের দৃঢ়তায় দুই গোলরক্ষককেও তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি।
এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বেলজিয়াম। সমান খেলায় রাশিয়ার পয়েন্ট ১।
আলজেরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচেও শেষ সময়ে দুই বদলি খেলোয়াড়ের লক্ষ্যভেদে জিতেছিল মার্ক উইলমটসের দলটি।
মারকানায় ১২তম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল রাশিয়া। ডি বক্সের ঠিক বাইরে থেকে ভিক্তর ফাইজুলিনের শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
২০তম মিনিটে প্রথম সত্যিকারের সুযোগটি পেয়েছিল বেলজিয়াম। ড্রিস মের্টেনস তীব্র গতিতে ডি বক্সের ঠিক কাছাকাছি এসে জোরালো শট নিয়েছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে না পারায় সুযোগটি নষ্ট হয়।
দুই মিনিট পর আবার সুযোগ আসে মের্টেনসের সামনে। কিন্তু নাপোলি উইঙ্গার আবারো লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।
৪৪তম মিনিটে ম্যাচের দারুণ একটা সুযোগ পেয়েছিলেন আলেক্সান্দার কোকোরিন। বাঁদিক থেকে দেনিস গ্লুসাকভের ক্রসে এই স্ট্রাইকারের হেড লক্ষ্যে থাকেনি।
রক্ষণ ভাঙতে না পারায় দ্বিতীয়ার্ধে দূর পাল্লার শটে গোলমুখ খোলার চেষ্টা করেছিল রাশিয়া। সেই চেষ্টাগুলো সামলাতে মোটেও বেগ পেতে হয়নি কোর্তোয়াকে।
৮৪তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বেলজিয়াম। কেভিন মিরালেসের ফ্রিকক বারে লেগে ফিরলে বেঁচে যায় রাশিয়া।
৮৮তম মিনিটে আর পারেনি রাশিয়া।এডিন হ্যাজার্ডের পাস থেকে জোরালো শটে ইগর আকিনফিভকে পরাস্ত করেন ওরিগি। লিলের এই খেলোয়াড়ের এটাই প্রথম আন্তর্জাতিক গোল।
প্রতি আক্রমণ থেকে পাওয়ার তার এই গোলেই ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে এসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাল বেলজিয়াম।
