ঘানার সম্ভাবনা ক্ষীণ দেখছেন কোচ
যুক্তরাষ্ট্রের কাছে হারের পর জার্মানির সঙ্গে ড্র, দুই ম্যাচে ঘানার পয়েন্ট মাত্র এক। তাই দলের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন কোচ কোয়েসি আপিয়াহ।
জার্মানির বিপক্ষে ম্যাচ শেষে কোচ আপিয়াহ বলেন, “(দ্বিতীয় রাউন্ডে) ওঠাটা সহজ হবে না। আমাদের গ্রুপে আরো কিছু ম্যাচ আছে (এগুলো ফলাফল নির্ধারণ করে দিতে পারে)। ”
দুই ম্যাচ শেষে তৃতীয় স্থানে আছে ঘানা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রপের শীর্ষে আছে জার্মানি। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সমান ম্যাচ খেলা পর্তুগালের পয়েন্ট শূন্য।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হারে ঘানা। জার্মানির বিপক্ষেও পিছিয়ে পড়েছিল তারা কিন্তু অল্প সময়ের ব্যবধানে আন্দ্রে আইয়ু ও আসামোয়াহ জিয়ানের গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত অবশ্য মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছোঁয়া গোলে ২-২ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
