২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোসাকে রোনালদোর অভিনন্দন

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে নতুন ভাগীদার মিরোস্লাভ ক্লোসাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো। রেকর্ডটা এতদিন সাবেক এই স্ট্রাইকারের একার দখলে ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 10:10 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

বিশ্বকাপে রোনালদো ও ক্লোসা, দুই জনেরই গোলসংখ্যা এখন ১৫। শনিবার ঘানার বিপক্ষে দলকে সমতায় ফেরানো গোল করে রোনালদোকে স্পর্শ করেন ক্লোসা।

এরপরই ক্লোসাকে অভিনন্দন জানিয়ে রোনালদো ‘টুইট’ করেন, “ক্লাবে তোমাকে স্বাগতম, তোমার আনন্দ আমি অনুভব করতে পারি!!! কি অসাধারণ একটা বিশ্বকাপ হচ্ছে!!!”

১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে টানা তিনটি বিশ্বকাপে খেলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী দলে থাকলেও কোনো ম্যাচে খেলেননি ‘দ্য ফেনোমেনন’।

শনিবারের ম্যাচে ৬৯তম মিনিটে মারিও গোটসের বদলি নেমে ৭১তম মিনিটেই দলকে স্বস্তির সমতায় ফেরান ক্লোসা। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

ঘানার জালে ওই গোলটি করে বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের ছোট্ট তালিকায়ও নাম লিখিয়েছেন ক্লোসা। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে ও জার্মানির উভে জিলার।