২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলখরার পর জয়খরা কাটবে আলজেরিয়ার?

২৮ বছরের গোলখরা কাটানো গেছে। ৩২ বছরের জয়খরা তাহলে নয় কেন! বাংলাদেশ সময় রোববার রাত একটায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু হওয়া ম্যাচে আলজেরিয়া নামবে এই দর্শন নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:07 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

অন্যদিকে গোল কিংবা জয়ের জন্য দক্ষিণ কোরিয়ার হা-পিত্যেশ অতো দীর্ঘ দিনের নয়। এই তো ২০০২ আসরে সেমি-ফাইনালে পর্যন্ত উঠেছিল তারা। তবু পোর্তো আলেগ্রের বেইরা-রিও স্টেডিয়ামের এই ম্যাচে এশিয়ান দেশটির লক্ষ্যও আফ্রিকান প্রতিপক্ষের মতো জয়। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নই দেখছে তারা।

ব্রাজিল আসরের আগে আফ্রিকার ‘মরু শেয়াল’রা বিশ্বকাপে সর্বশেষ গোল করেছিল ১৯৮৬ সালে, নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। চলতি আসরের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে সুফিয়ান ফেঘুলির গোলটি তাই তাদের জন্য দীর্ঘখরার পর ঝুম বৃষ্টির স্বস্তি। বিশ্বকাপে ৫০৬ মিনিট পর গোল করেছে আলজেরিয়া। এবার ১৯৮২ সালে চিলিকে হারানোর পর আবার জয় চাই তাদের। সামনে যখন দক্ষিণ কোরিয়া, তখন সেটি অসম্ভব নয় মোটেও।

এশিয়ার পরাশক্তিদের দিনকাল ভালো যাচ্ছে না আজকাল। ব্রাজিল বিশ্বকাপের টিকেট পাওয়াটা বরাবরের মতো সহজ হয়নি। প্রস্তুতিপর্বও কাটেনি ভালো। তারপরও প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করাটা কৃতিত্বেরই বলতে হবে। যে কারণে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে তারা আত্মবিশ্বাস নিয়ে।

প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আলজেরিয়া। তারপরও যে হেরে গিয়েছে, সেজন্য ইতিহাসের পিছু টেনে ধরাকে সামনে নিয়ে এসেছেন কোচ ভাহিদ হালিলহোদিচ, ‘একটা ভয় হয়তো ওদের মনে ছিল। বল পায়ে আসার পর যেন থেমে যাচ্ছিল, আক্রমণে গিয়ে দ্বিতীয় গোলের চেষ্টা সেভাবে করেনি। হয়তো এটি মনস্তাত্ত্বিক।’ ওই মনস্তাত্ত্বিক বাধা পিছু ফেলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের জন্য ঝাঁপানোর ঘোষণা দিয়েছেন তিনি, ‘কাগজ-কলমে কোরিয়া দল আমাদের চেয়ে ভালো। তাদের হারানো তাই সহজ হবে না। তবে আলজেরিয়ার জনগণের জন্য আমরা এই উপহারটি দিতে চাই।’

মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে থাকার কথা বলেছেন আলজেরিয়া কোচ। সেই মনস্তাত্ত্বিকভাবে আবার এগিয়ে দক্ষিণ কোরিয়া। এই দল দুটি এর আগে একবারই মুখোমুখি হয়েছিল। ১৯৮৫ সালের সেই প্রীতি ম্যাচে জয় এশিয়ানদের। এছাড়া বিশ্বকাপে দু’বার আফ্রিকান দলের বিপক্ষে খেলেছে দক্ষিণ কোরিয়া, হারেনি কোনোবার। ২০০৬ সালে টোগোকে ২-১ গোলে হারিয়েছে। ২০১০ সালে নাইজেরিয়ার সঙ্গে করেছে ২-২ গোলে ড্র। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেও যেহেতু আলজেরিয়ার শূন্য পয়েন্টের বিপরীতে দক্ষিণ কোরিয়ার অর্জন এক পয়েন্ট- সে কারণে তারা মানসিকভাবে এগিয়ে থাকবে কিছুটা।

দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো সমীহ করছেন আলজেরিয়াকে। তারপরও তাদের বিপক্ষে জয়ের লক্ষ্যের কথা বলেছেন অকপটে, ‘তীব্র গতির দারুণ কিছু ফরোয়ার্ড আছে ওদের। তবে আমরা আলজেরিয়ার বিপক্ষে জয়ের জন্যই খেলব। কেননা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হবে আমাদের জয়ের বিকল্প নেই।’