নাইজেরিয়ার কাছে হেরে বসনিয়ার বিদায়
বিশ্বকাপ অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারল না বসনিয়া-হার্জেগোভিনা। টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। তাদের ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল হয়েছে নাইজেরিয়ার।
নাইজেরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন পিটার ওদেমউইঙ্গি। তার এই গোলে বিশ্বকাপে ১৬ বছর পর জয় পেল দলটি। ১৯৯৮ সালে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে স্পেন ও বুলগেরিয়ার বিপক্ষে পাওয়া জয়ই ছিল তাদের শেষ।
আগের ম্যাচে নেতিবাচক ফুটবল খেলে ইরানের সঙ্গে দুয়ো শুনেছিল নাইজেরিয়াও। কিন্তু শনিবার ভিন্ন চেহারায় দেখা গেছে 'সুপার ঈগল'দের। বসনিয়ার সঙ্গে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি। আসমির বেগোভিচ অসাধারণ কিছু 'সেভ' না করলে আরো বড় ব্যবধানে জিততে পারতো আফ্রিকার চ্যাম্পিয়নরা।
'এফ' গ্রুপ থেকে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া।
শনিবার কুইয়াবার আরেনা পানতানালে সপ্তম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল নাইজেরিয়াই। ওদেমউইঙ্গি ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বসনিয়া।
২১তম মিনিটে মিরালেম পিয়ানিচের ডিফেন্স চেরা পাস থেকে নাইজেরিয়ার জাল খুঁজে পেয়েছিলেন এদিন জেকো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি পিটার ও'লিরি। রিপ্লেতে দেখা গেছে ম্যানচেস্টার সিটি তারকা অফসাইড ছিলেন না।
২৪তম মিনিটে জেকো আর ২৮তম মিনিটে পিয়ানিচের দুটি প্রচেষ্টা রুখে দিয়ে নাইজেরিয়ার ত্রাতা এনিয়ামা।
২৯তম মিনিটে এগিয়ে যায় আফ্রিকার চ্যাম্পিয়নরা। ওদেমউইঙ্গির গোলে বড় অবদান এমানুয়েল এমেনিকের। ডানদিক থেকে মার্কারকে পেছনে ফেলে তীব্র গতিতে ডি বক্সে ঢুকে বল বাড়ান স্টোক সিটির স্ট্রাইকারের দিকে। বিপজ্জনক জায়গায় বল পেয়ে জালে জড়াতে কোনো ভুল করেননি ওদেমউইঙ্গি।
