মারাকানায় বাড়তি নিরাপত্তা
মারাকানা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আরো দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে আরো ছয়শ’ পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে রিও দে জেনেইরোর পুলিশ কর্মকর্তারা।
এই স্টেডিয়ামে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ চলার সময়ে তিন হাজার পুলিশ প্রহরায় থাকে। তাদের সঙ্গে যোগ হবে এই ছয়শ’ পুলিশ। তাছাড়া বাড়তি সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ অংশে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনীও যোগ হচ্ছে এবার।
গত বুধবার এই স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে চিলির ম্যাচের সময় লাতিন আমেরিকার দেশটির প্রায় দুইশ’ দর্শক টিকেট ছাড়া মাঠে ঢোঁকার চেষ্টা করে। তারা মাঠের মিডিয়া সেন্টারে ঢুঁকে পড়ে এবং সেখান দিয়ে গ্যালারিতে যাওযার চেষ্টা করে।
ওই ঘটনায় জড়িত অনেককে পুলিশ গ্রেপ্তার করে। কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দিলেও ৭২ ঘণ্টার মধ্যে তাদের ব্রাজিল ছাড়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
এর আগে গত সপ্তাহে এই মাঠেই বসনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার এক ভক্ত নিরাপত্তা বেষ্টনীর উপর লাফিয়ে পড়েছিল।
১৩ জুলাই বিখ্যাত এই মারাকানা স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল।
