২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশল নিয়ে আক্ষেপ নেই হজসনের

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ড ছিটকে পড়লেও দলটির কোচ রয় হজসন জানিয়েছেন, টুর্নামেন্টে দলের কৌশল নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 03:00 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

ইতালি ও উরুগুয়ের সঙ্গে দুই ম্যাচেই ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। তাদের টিমটিমে জ্বলা আশাটুকুও শেষ হয়ে যায় কোস্টা রিকার কাছে ইতালির ১-০ গোলের হারে।

১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লো ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ খেলে এই প্রথম কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নিল দেশটি।

উরুগুয়ে ও ইতালির কাছে টানা দুই ম্যাচ হারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হজসন জানান, খেলার কৌশল নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

হজসন জানান, জাতিকে গর্বিত করার মতো কোনো উপলক্ষ এনে দেয়ার প্রত্যাশা নিয়েই ইংল্যান্ড দল পা রেখেছিল ব্রাজিলে।

“আমরা কঠিন পরিশ্রম করেছি, এই টুর্নামেন্টের জন্য অনেক প্রস্তুতি নিয়েছি। ভালো প্রস্তুতি নিয়েই আমরা এখানে এসেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।”

মঙ্গলবার কোস্টা রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ইংল্যান্ড।