২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানির চোট ভাবাচ্ছে বেলজিয়ামকে

রাশিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বেলজিয়ামের কোচের কপালে দুশ্চিন্তার ভাঁজ। রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসা ভিনসেন্ট কোম্পানির চোটই ভাবাচ্ছে তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:45 AM

Updated : 22 Aug 2022, 06:33 PM

গত মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের শেষ দিকে কুঁচকিতে চোট পান ম্যানচেস্টার সিটির অধিনায়ক কোম্পানি। এর পর টানা দুদিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি।

বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস শুক্রবার কোম্পানির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে একটু হতাশাই যেন প্রকাশ করলেন।

"সে মনে করেছিল রাতে (মঙ্গলবার ম্যাচের পর) বিশ্রাম নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা হয়নি এবং বুধবার সকালে বাঁ কুঁচকিতে ব্যথা ছিল তার।"

কোম্পানি এর পর দলের সঙ্গে আর অনুশীলন করেননি। দুদিন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কাজ করেন তিনি।   

রক্ষণে অসাধারণ পারফরম্যান্স এবং নেতৃত্ব গুণের কারণে বেলজিয়াম দলে কোম্পানি অপরিহার্য একজন সদস্য। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা রাশিয়ার বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত তাকে না পেলে তিন জনের মধ্য থেকে বিকল্প খুঁজতে হবে উইলমটকে।

টমাস ভারমিলেন, লরাঁ সিমাঁ বা নিকোলাস লম্বার্তসদের মধ্যে কোম্পানির ভূমিকা যিনিই নেন না কেন, তিনি ভালো করতে পারবেন বলেই বিশ্বাস বেলজিয়াম কোচের।