২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন রুনি

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় ইংল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

ফেইসবুকে নিজেকে তার ‘পুরোপুরি বিধ্বস্ত’ লাগছে বলেও জানান ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার।

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে রুনি লিখেছেন, “(বিশ্বকাপে) ভালো করতে না পারায় (ব্রাজিলে) আসা এবং দেশে থাকা সব সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।”

শুক্রবার ব্রায়ান রুইসের একমাত্র গোলে কোস্টা রিকার কাছে ইতালি হারায় টুর্নামেন্ট থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়।

ইংল্যান্ড সহ তিন বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে গড়া ‘ডি’ গ্রুপের মৃতুকূপ থেকে এক চ্যাম্পিয়নের ছিটকে পড়া নিশ্চিতই ছিল। কিন্তু কোস্টা রিকার চমকে এখন এক নয়, দুই চ্যাম্পিয়ন বাদ পড়ছে গ্রুপটি থেকে।

উরগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর ইতালির কাছেও ওই একই ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ১৯৫৮ সালের পর বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়লো তারা। তাছাড়া প্রথম দুই ম্যাচ খেলে ছিটকে পড়াটা দেশটির ফুটবল ইতিহাসের প্রথম ঘটনা।     

এবারের ব্রাজিল বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ইংল্যান্ড টপ ফেভারিটের ছোট্ট তালিকায় না থাকলেও তাদের অমন ভরাডুবির কথা নিশ্চয় কেউ ভাবেনি।

নকআউট পর্বে উঠতে না পারায় রুনির সতীর্থ জ্যাক উইলশেয়ারও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।