২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে ভয় ফন পের্সির

বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলেও চিলিকে নিয়ে একটু যেন ভয়েই আছে নেদারল্যান্ডস। দুই দলেরই নকআউট পর্ব নিশ্চিত হলেও লড়াইটা এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। আর তাতে জিততে হলে কঠিন পরিশ্রম করতে হবে বলে মনে করেন ডাচ অধিনায়ক রবিন ফন পের্সি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

অস্ট্রেলিয়াকে ৩-১ আর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চিলি। আগামী সোমবার সাও পাওলোতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দেশটির বিপক্ষেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।

এ ম্যাচের আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে চিলিকে নিয়ে কথা বলেন ফন পের্সি।

"তাদের দেখে খুব ভালো মনে হয়েছে। তাদের ফিট আর শক্তিশালী মনে হয়েছে। আর তারা একতাবদ্ধ হয়ে খেলে।"

স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় নেদারল্যান্ডস। চিলির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যেতে পারবে ডাচরা।

তবে ব্রাজিল বিশ্বকাপে চিলির প্রথম দুটি ম্যাচ দেখে ফন পের্সির মনে হয়েছে, এই কাজটাও ডাচদের জন্য কঠিন হবে।

"আমার মনে হয় ওদের চার-পাঁচ জন খেলোয়াড় স্পেনের কাজটি কঠিন করে তুলেছিল। তাই আমাদেরও কাজটাও করতে হবে। ওদের বিপক্ষে নিদেনপক্ষে ড্র করাটাও কঠিন হবে।"

নেদারল্যান্ডসের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার করার কাজটি ঠিকভাবে করতে পারায় খুশি ফন পের্সি। তাদের পরবর্তী লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এটা সফল হলেই ডাচরা পরবর্তী লক্ষ্য নির্ধারণ করবে বলে জানান দুই ম্যাচে ৪ গোল করা ফন পের্সি।