২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়ার প্রথম জয়ে বাধা নাইরেজিয়া

প্রথম বারের মধ্যে বিশ্বকাপ ম্যাচ খেলা হয়েছে বসনিয়া-হার্জেগোভিনার। বাংলাদেশ সময় রোববার রাত চারটায় কুইয়াবার আরেনা পানতানালে নাইজেরিয়ার বিপক্ষে তারা নামছে আরেকটি ‘প্রথম’-এর সন্ধানে। বিশ্বকাপে প্রথম জয়!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 07:59 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

জয় অবশ্য দুই দলের জন্যই জরুরি খুব। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে যে জিততে পারেনি কোনো দল! হতাশাটা বেশি নাইজেরিয়ার। কারণ ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। বসনিয়া-হার্জেগোভিনা প্রথম ম্যাচে হেরেছে বটে, তবে তাদের প্রতিপক্ষ অমন সহজ ছিল না। খেলতে হয়েছে ট্রফি জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনার সঙ্গে। তবে ১-২ গোলের ওই হারেও ইতিবাচক অনেক উপাদান ছিল। যে কারণে দ্বিতীয় ম্যাচের আগে ‘প্রথম’ জয়ের স্বপ্ন দেখছে বসনিয়া-হার্জেগোভিনা।

এই ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন আসছে। ইরানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ায় নাইজেরিয়া ডিফেন্ডার গডফ্রে ওবোয়াবোনার খেলতে পারবেন না। ২০০২ ও ২০১০ বিশ্বকাপ খেলা জোসেফ ইয়োবো নেবেন তার জায়গা। এছাড়া কোচ স্টিভেন কেশি খেলাতে পারেন দুই ফরোয়ার্ড। এমানুয়েল এমেনিকের সঙ্গে নামিয়ে দেবেন হয়তো পিটার ওদেমউইঙ্গেকে।

দুই স্ট্রাইকার খেলানোর চিন্তা প্রবলভাবে আছে বসনিয়া-হার্জেগোভিনা কোচের মাথাতেও। প্রতিপক্ষ আর্জেন্টিনার কথা ভেবে রক্ষণাত্মক ৪-৫-১ ফর্মেশনে খেলেছিল দলটি। নাইজেরিয়ার বিপক্ষে সেটি ফিরতে পারে ৪-৪-২ ফর্মেশনে। সেক্ষেত্রে এদেন জেকোর সঙ্গে জুটি বাঁধবেন ভেদাদ ইবিসেভিচ। দীর্ঘদেহী এই দুই স্ট্রাইকার খেললে দুই উইং থেকে নিশ্চিতভাবে প্রচুর ক্রস আছড়ে পড়বে নাইজেরিয়ার ডি বক্সে।

বসনিয়া-হার্জেগোভিনার জন্য আশার জায়গা আছে আরো। প্রতিপক্ষ নাইজেরিয়া বিশ্বকাপের সর্বশেষ ৯ ম্যাচে জিততে পারেনি। ১৯৯৮ সালে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে জয়খরায় তারা।

আশ্চর্য হওয়ার থাকবে না, যদি কাল ‘ড্রাগন’দের আগুনে পুড়ে যায় ‘সুপার ঈগল’দের ডানা। মুখোমুখি দ্বৈরথে নাইজেরিয়ার জয়খরা কাটানোর চেয়ে বসনিয়া-হার্জেগোভিনার ‘প্রথম’ জয়ের সম্ভাবনাই যে বেশি!