অজুহাত খুঁজছেন না প্রানদেল্লি
কোস্টা রিকা-হতাশার কোনো অজুহাত খুঁজছেন না ইতালির কোচ চেজারে প্রানদেল্লি। বরং উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে দলের মানসিক ও শারীরিক শক্তি ফিরে পাওয়ার উপায় খুঁজতে ব্যস্ত তিনি।
শুক্রবার রেসিফির পের্নামবুকো স্টেডিয়ামে কোস্টা রিকার আক্রমণভাগের কাছে অসহায় আত্মসমর্পণ করল ইতালির রক্ষণ। আর কোস্টা রিকার রক্ষণে মাথা ঠুকে মরল ইতালির আক্রমণভাগ। রেসিফির অসহনীয় গরম আর আর্দ্রতাই কী ইতালিকে স্বাভাবিক খেলা খেলতে দেয়নি?
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ইতালি কোচ জানালেন এসব ঠুনকো বিষয়ে একমাত্র গোলে পরাজয়ের কারণ খুঁজতে চান না তিনি।
"আমরা সূচিটা তো জানতামই। অজুহাত খুঁজে বের করার চেষ্টা করাটা অপ্রয়োজনীয়।
তাহলে সমস্যাটা কোথায় হলো? প্রানদেল্লির নতুন কৌশলই কী মানানসই ছিল না?
এই প্রশ্নের উত্তরে কোস্টা রিকার প্রশংসাই শুধু করেন ইতালির কোচ।
এখন অবশ্য এসব নিয়ে না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে চান প্রানদেল্লি। উরুগুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে নিজেদের চাঙ্গা করে তুলতে চান তিনি।
"এই মুহূর্তে নেতিবাচক কিছু ভাবার প্রয়োজন আছে বলে মনে করি না আমি। এই মুহূর্তে আমি আমাদের শক্তি ফিরে পাওয়ার কথা ভাবছি, কারণ কদিনের মধ্যেই আমাদের আরেকটি ম্যাচ আছে।"
মঙ্গলবার নাতালে গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ইতালি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানো ইতালিকে নকআউট পর্বে যেতে এই ম্যাচটি ড্র করলেই চলবে।
