কোস্টা রিকায় রোমাঞ্চ আর স্বপ্নের ঘোর
উরুগুয়েকে হারানোর পরই আনন্দের জোয়ার বইছিল কোস্টা রিকায়। শুক্রবার ইতালিকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত হওয়ার পর সেই জোয়ারে যেন বাঁধ ভেঙেছে।
রেসিফির পের্নামবুকো স্টেডিয়ামে ম্যাচ শেষ হতে না হতেই সেখানার আনন্দের ঢেউ ছড়িয়ে পরে কোস্টা রিকার রাজধানী সান হোসেতে। রাস্তায় ঢল নামে উদযাপনরত মানুষের।
কেউ স্কুল, কেউ আবার কাজ ফাঁকি দিয়ে প্রিয় জন্মভূমির খেলা দেখতে বসে গিয়েছিল বড় পর্দার সামনে। ব্রায়ান রুইসের গোলের পরই শুরু হয়ে যায় আনন্দ। ম্যাচ শেষে তাদের সেই আনন্দ সমুদ্রের গর্জনে রূপ নেয়।
স্কুল ফাঁকি দেয়া ১৬ বছর বয়সী কেইন টাকার খেলা দেখতে দেখতেই বলেন, "বিশ্বকাপে আমার দেশের খেলা দেখে আমি রোমাঞ্চিত। এমন একটি দিনে আমি স্কুলে যেতে পারি না।"
১৯৯০ সালে অভিষেক বিশ্বকাপেই শেষ ষোলোতে ওঠা কোস্টা রিকা সেবার চেকোস্লোভাকিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল। এর পর এবারই আবার শেষ ষোলোতে উঠল তারা। এমন এক আনন্দের দিনে নিজেকে ঘরে আবদ্ধ রাখতে পারেননি কোস্টা রিকার প্রেসিডেন্টও। উদযাপনরত মানুষদের সঙ্গে দেখা করার কথা ছিল তার।
আবেগ আর আনন্দে অনেকে তো কেঁদেই ফেললেন। এই দলের একজন রোনালদো হিমিনেস। কোস্টা রিকাকে তিনি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলেই ঘোষণা দিয়ে দিলেন।
"এটা স্বপ্নের মতো। আমরা চ্যাম্পিয়নদের হারাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন।"
