২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সামনে এবার এশিয়ার ইরান

আগের দুই বিশ্বকাপ মিলিয়ে মাত্র এক গোল করেছিলেন লিওনেল মেসি। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফুটবলের এই মহাতারকার খরা কাটানোর গোলে ব্রাজিল-অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ‘বিশ্বকাপ অভিশাপ’ পিছু ফেলার প্রতিশ্রুতি দেওয়া সেই গোলের পর মেসি নিশ্চয়ই তেতে থাকবেন আরো। বাংলাদেশ সময় শনিবার রাত দশটায় শুরু হওয়া ম্যাচে ইরানের জন্য যে কী অপেক্ষা করে আছে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 03:41 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আসলে ইরান না, নিজেরাই। তারা যদি সামর্থ্যের সিকিভাগ দিয়েও খেলতে পারে, এশিয়ান দেশটি তাহলে উড়ে যাবে খড়কুটোর মতো। আর মেসির খেলায় যদি থাকে সামর্থ্যরে প্রতিফলন? হ্যাটট্রিক না হওয়াটাই হবে অবাক করা বিষয়!

বসনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে কিন্তু খুব স্বচ্ছন্দ্য ছিল না আর্জেন্টিনা। বিশেষত প্রথমার্ধে ভুগতে হয়েছে ভালোই। ৫-৩-২ ফর্মেশনে আক্রমণাত্মক ফুটবলারদের প্রস্ফূটিত হওয়ার সুযোগ ছিল সামান্য। বিরতির পর আলেহান্দ্রো সাবেইয়া বাছাইপর্বের পরীক্ষিত ৪-৩-৩ ফর্মেশনে ফিরতেই স্বরূপে ফেরে ‘আলবিসেলেস্তেরা’। স্বমহিমায় উদ্ভাসিত হন মেসিও। গনসালো হিগুয়াইনের সঙ্গে দ্রুতগতির ওয়ান-টু খেলে খোলেন গোলমুখ। এরপর ট্রেডমার্ক শটে করেন গোল। বিশ্বকাপে আট বছরে এটা তার প্রথম লক্ষ্যভেদ।

ওই খেলার পর ৪-৩-৩ ফর্মেশনের প্রতি নিজের পক্ষপাতের কথা অকপটে জানিয়েছেন মেসি, “আমরা হচ্ছি আর্জেন্টিনা। প্রতিপক্ষ কিভাবে খেলে, সেটি দেখা প্রয়োজন নেই আমাদের। নিজেদের ভালো খেলার দিকেই বরং মনোযোগ দেওয়া উচিত। বসনিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ ফর্মেশনে খেলে আমি স্বচ্ছন্দ্য । সেখানে বেশি বেশি পাস দিতে পারি, আক্রমণে উঠতে পারে বেশি খেলোয়াড়।” গণমাধ্যমে তার এই বক্তব্য আসার পর কোচের সঙ্গে মতবিরোধের খবর ছড়াতেও দেরি হয়নি।

তবে আর্জেন্টিনার রিজার্ভ গোলরক্ষক মারিয়ানো আন্দুজার অমন শঙ্কা দিয়েছেন উড়িয়ে, “মেসি ওর মত দিয়েছে, যেমনটা দিয়েছে আরো অনেকে। ব্যাপারটির শেষ সেখানেই। এ নিয়ে আর কোনো ঝামেলা হয়নি। আর নিজ নিজ মত দেওয়ার স্বাধীনতা তো প্রত্যেকের আছে।”

সাবেইয়া-মেসির গোলমাল হয়েছে কিনা, সেটি বোঝার জন্যও ইরানের বিপক্ষে ম্যাচটি ভালো উপলক্ষ। সেখানে ৫-৩-২ নাকি ৪-৩-৩ কোন ফর্মেশনে দলকে খেলাবেন আর্জেন্টিনা কোচ- এ নিয়ে আগ্রহ থাকবে সবার। অবশ্য প্রতিপক্ষ যখন এত দুর্বল, তখন মেসির পছন্দের আক্রমণাত্মক ঢঙেই দলকে সাজানোর কথা সাবেইয়ার। সেটি তাহলে ইরানের সর্বনাশের ঘণ্টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কেননা সঙ্গী হিসেবে আনহেল দি মারিয়া, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইনকে পেলে যে আরো ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা মেসির! আর্জেন্টিনার সম্ভাবনার আকাশটা ঝলমলে রঙিন। ইরানেরটি সেখানে বড্ড বিবর্ণ। নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে খুশিতে ভাসছে তারা। কিন্তু ওই দলে তো আর আর্জেন্টিনার মতো ‘ফ্যান্টাস্টিক ফোর’ ছিল না। এশিয়ান দেশটি চাইলে কিছুটা প্রেরণা নিতে পারে ইতিহাস থেকে। এর আগে যে একবার ‘আলবিসেলেস্তে’র মুখোমুখি হয়েছিল তারা, হারেনি সেখানে। তবে এই পরিসংখ্যানটিও মেসির বিশ্বকাপ গোলের মতো বিভ্রম ছড়ানো। কেননা আর্জেন্টিনা-ইরানের একমাত্র খেলাটি যে সেই ১৯৭৭ সালে; রিয়াল মাদ্রিদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রীতি টুর্নামেন্টের!

বাস্তবতা বিবেচনায় ইরান আসলে নামবে আজ কম গোল খাওয়ার লক্ষ্য নিয়ে। তা যতই তারা বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করুক কিংবা এশিয়ার সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিংধারী দেশ হোক অথবা আর্জেন্টিনার বিপক্ষে এর আগে খেলা ম্যাচটিতে না হারুক!