২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে গোল করার আশা ঘুচানেজাদের

নাইজেরিয়ার বিপক্ষে ড্র করেও সন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের কোচ কার্লোস কেইরোস। এবার গোলশূন্য ওই ম্যাচ থেকেই আত্মবিশ্বাস খুঁজে নিলেন ইরানের ফরোয়ার্ড রেজা ঘুচানেজাদ। প্রথম ম্যাচে সাফল্য না পেলেও আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 02:07 AM

Updated : 26 Jul 2022, 12:41 PM

গত সোমবার ইরান ও নাইজেরিয়ার ম্যাচে শুধু এশিয়ার দলটিই নয়, আফ্রিকার দেশ নাইজেরিয়ার খেলাও ছিল ছন্দহীন। মাঠে আসা দর্শকেরা তাই দুই দলকেই দুয়ো দিতে ছাড়েনি।

তবে দর্শকদের তিরস্কার পেলেও ওই ম্যাচ থেকে ইরানের প্রাপ্তি নেহাৎ কম নয়। একটা পয়েন্ট তো জুটেছেই, সঙ্গে ১৯৭৮ সালে বিশ্বকাপ অভিষেক হওয়ার পর প্রথম কোনো ম্যাচে গোল না খেয়ে মাঠ ছাড়ার স্বস্তিও জোটে।

এবার ওই স্বস্তিটাকে গোল করার আনন্দে রূপান্তর করতে চান ঘুচারেজাদ। “ওই পয়েন্টটা (নাইজেরিয়ার বিপক্ষে পাওয়া) আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। মানসিকভাবে আমাদের দলটা এতটা চাঙ্গা আগে কখনও ছিল না। শারীরিক ও মানসিকভাবে আমরা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত এবং তাদের বিপক্ষে গোল করতে পারব বলে আমি আশা করি।”

সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ঘুচারেজাদের গোল করার আশা বাস্তববাদী হলেও লাতিন আমেরিকার দলটিকে হারানোর আশা করছে না তারা। একমাত্র অলৌকিক কিছু হলে সেটা সম্ভব বলে মনে করেন ইরানের কোচ কার্লোস কেইরোস।

শনিবার বেলো হরিজন্তেতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইরান।