২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পা মাটিতেই রাখছেন গোটসে

বিশ্বকাপ অভিযানের শুরুটা দুর্দান্ত হলেও পা মাটিতেই রাখছেন জার্মানির মারিও গোটসে। ঘানার বিপক্ষে মাঠে নামার আগে তাই আত্মতুষ্টিতে না ভুগে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টার কথাই বললেন এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 10:22 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

এ সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পথচলা শুরু করেছে জার্মানি। তবে বায়ার্ন মিউনিখের খেলোয়াড় গোটসের মতে, পর্তুগালের বিপক্ষে তাদের পারফর্ম্যান্সটাকে আহামরি ভাবা ঠিক হবে না। কারণ ওই ম্যাচের কিছু মুহূর্তে তারা নাকি ভাগ্যের সহায়তা পেয়েছে।   

প্রথম ম্যাচের সাফল্যে ভাগ্যের ছোঁয়া আছে বললেও ওখান থেকে আত্মবিশ্বাস ঠিকই খুঁজে নিচ্ছেন গোটসে।

“ঘানার বিপক্ষে (অমন পারফর্ম্যান্স) করাটা সহজ হবে না। এটা অনেক কঠিন একটা ম্যাচ হবে কিন্তু (জয়ের ব্যাপারে) আমরা আত্মবিশ্বাসী হতে পারি।”

শুক্রবার ঘানার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি।

পর্তুগালের বিপক্ষে সহজেই জেতা ওই ম্যাচে দারুণ খেলেন গোটসে। সতীর্থদের দারুণ সব পাস দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণকেও ব্যস্ত রাখেন তিনি। গোটসের উপর তাই অগাধ বিশ্বাস জার্মানির কোচ ইওয়াখিম লোর।   

লোর বিশ্বাস, পরিস্থিতি অনুকুলে থাকলে নিজের দিনে বড় মাপের ডিফেন্ডারদের বিপক্ষেও ভালো খেলতে পারেন ২২ বছর বয়সী গোটসে।  

তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, উরুগয়ে ও ইংল্যান্ডকে নিয়ে গড়া ‘ডি’ গ্রুপকে মৃতুকূপ বলা হলেও ‘জি’ গ্রুপটাও কম কঠিন নয়। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, পর্তুগাল, গতবার কোয়ার্টার-ফাইনাল খেলা ঘানা ও সম্ভাবনাময় যুক্তরাষ্ট্র আছে এই গ্রুপে।