পদত্যাগ করবেন না হজসন
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার কিনারায় গিয়ে পৌঁছেছে ইংল্যান্ড। এর পর প্রশ্ন উঠেছে কোচ রয় হজসনের তার পদে বহাল থাকা নিয়ে। হজসন বললেন, এখনই পদত্যাগ করবেন না তিনি।
২০১২ সালের ইউরো চ্যম্পিয়নশিপের আগে হঠাৎ করেই ফাবিও কাপেল্লো পদত্যাগ করলে হজসনকে কোচ হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তার কাজে এফএ কর্মকর্তারা খুশিই। তবে বিশ্বকাপে ইংল্যান্ডের এই বাজে হালের পর সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে তাকে নিয়ে।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ব্রিটিশ সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে হজসন বলেন, "অবশ্যই আমি খুব হতাশ। তবে মনে হয় না, আমার পদত্যাগ করার প্রয়োজন আছে।"
তবে ইংল্যান্ড দলের দায়িত্বে থাকার বিষয়টি যে কেবল তার ওপর নির্ভর করছে না, সবাইকে তিনি মনে করিয়ে দেন সেটিও।
"এফএ যদি মনে করে এই কাজের জন্য আমি যোগ্য লোক নই, তাহলে এটা তাদের সিদ্ধান্ত, আমার নয়।"
