এলেন এবং জয় করলেন সুয়ারেস
বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্বপ্ন-যাত্রার রঙিন শুরুটা করেন নেইমার। প্রথম ম্যাচেই লিওনেল মেসি কাটান গোল-খরা। হ্যাটট্রিক করে আলো ছড়ান জার্মানির টমাস মুলার। রবেন-ফন পার্সিরাও টেনে নেন বিশ্বকাপের আলো। তখনও মাঠে নামা নিয়ে অন্ধকারে থাকা লুইস সুয়ারেস কঠোর অনুশীলন করে গেছেন।
আগের ম্যাচে ডাগ আউটে বসে দেখেছেন কোস্টা রিকার কাছে উরুগুয়ের অসহায় আত্মসমর্পণ। মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকা সুয়ারেসকে ইংল্যান্ডের বিপক্ষে নামাতে কোনো ভুল করেননি কোচ। আরেনা দে সাও পাওলোতে তারকা এই স্ট্রাইকার জোড়া গোল করে জয় করলেন কোচ, সতীর্থ আর ফুটবল অনুরাগীদের হৃদয়।
চোট কাটিয়ে ফেরা সুয়ারেসের কল্যাণেই বৃহস্পতিবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে উরুগুয়ের।
দলের সবার মুখপাত্র হয়ে উরুগুয়ে কোচ অস্কার তাবারেসই বলে দিলেন সুয়ারেসকে নিয়ে তাদের ভালোবাসার কথা।
"তার সতীর্থরা তাকে ভালোবাসে, আমরা সবাই ওকে ভালোবাসি। ও অনেক ভালো একটা মানুষ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।"
"মুহূর্তটা উপভোগ করছি। কারণ আমি অনেক ভুগেছি, অনেক সমালোচনা সয়েছি। এই ম্যাচের আগে গত কয়েক বছর আমাকে নিয়ে ইংল্যান্ডের মানুষ উপহাস করেছে। এখন আমার সময়। তারা এখন কি বলে দেখতে চাই।"
গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে সুয়ারেসের। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। সবসময়ই তিনি চেয়েছেন বিশ্বসেরাদের কাতারে নাম তুলতে। কিন্তু এর জন্য সবচেয়ে মোক্ষম আসর বিশ্বকাপের আগেই চোট পড়েন তিনি। দেশের হয়ে খেলার প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের জন্যই হাঁটুর অস্ত্রোপচারের চার সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পেরেছেন তিনি। আর নেমেই অসাধারণ দুটি গোল।
ম্যাচ শেষে সুয়ারেসের উদযাপনেও তৃপ্তির ছাপ মিশে ছিল। বুদ্ধিদ্বীপ্ত এক হেডে দলকে এগিয়ে দিয়ে ডাগআউটের দিকে দৌড়ালেন সুয়ারেস; স্বল্পতম সময়ের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে তাকে সারিয়ে তুলতে সাহায্য করা দলের চিকিৎসক ওয়াল্টার ফেরেইরাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন।
নিখুঁত ফিনিশিংয়ে করা জয়সূচক গোল উদযাপন করতে গিয়ে কেঁদেই ফেলেন সুয়ারেস। কয়েক ফোঁটা চোখের জলে মিশে ছিল তীব্র দেশপ্রেম, কঠিন ত্যাগ আর অর্জনের আনন্দ।
"বলটি দেখার পর আমি চোখ বন্ধ করলাম এবং যে অবস্থার মধ্য দিয়ে গেছি তার সব কিছুর জন্য আর সে সময়ে যাদের সমর্থন পেয়েছি, তাদের জন্য শট নিলাম। আর তা জালে ঢুকে গেল। এরকম একটা ম্যাচের কথা কেউ ভাবতে পারেনি।"
