আক্রমণ ছাড়া গতি নেই ইকুয়েডর-হন্ডুরাসের
সবাই তো আর স্যার অ্যালেক্স ফার্গুসন কিংবা অস্কার তাবারেস নন। পেশাদার ভুবনে ফুটবল কোচের চাকুরি বদল তাই নিয়মিত ব্যাপার। তাদের পুরনো দলের সামনে পড়ে যাওয়াও নতুন কিছু না। তাই বলে দুই ডাগআউট দুই কোচই পুরনো দলের মুখোমুখি হওয়া! এটিকে ব্যতিক্রম না বলে উপায় নেই।
বাংলাদেশ সময় শুক্রবার রাত চারটায় ইকুয়েডর-হন্ডুরাস ম্যাচটিতে মঞ্চস্থ হচ্ছে সেই ব্যতিক্রমী ঘটনা। ইকুয়েডরের বর্তমান কোচ রেইনালদো রুয়েদা ২০১০ বিশ্বকাপে ছিলেন হন্ডুরাসের কোচ। আবার হন্ডুরাসের বর্তমান কোচ লুই ফের্নান্দো সুয়ারেস ২০০৬ আসরে ইকুয়েডরকে নিয়ে গিয়েছিলেন শেষ ষোলোতে। মাঠে যেমনই হোক, দুই কলম্বিয়ান কোচের সৌজন্যে কালকের ডাগআউটের দ্বৈরথটি বাঁধা থাকবে আবেগের চড়া সুরে।
তবে সেই আবেগে ভেসে যাওয়ার সময় কোথায় রুয়েদা-সুয়ারেসের! বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে তাদের দল হোঁচট খেয়ে কোণঠাসা! শেষ সময়ে গোল খেয়ে ইকুয়েডর ১-২ ব্যবধানে হেরেছে সুইজারল্যান্ডের কাছে। আর হন্ডুরাসের ০-৩ ব্যবধানে অসহায় আত্মসমর্পন ফ্রান্সের কাছে। ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার জন্য কাল মুখোমুখি লড়াইয়ে জয়টা খুব করে চাইবে দল দুটি।
পুরানো দলের মুখোমুখি হলেও জয়ের তাড়নার কমতি যে থাকছে না, সেটি বলেছেন দুই কোচই।
"হন্ডুরাসে দারুণ সময় কেটেছে আমার। কিন্তু এখন আমি ইকুয়েডরের কোচ, নিজ দলের জয়ের জন্যই সর্বাত্মক চেষ্টা করব। হন্ডুরাসের এখনকার দলটি দুর্দান্ত। ওদের বিশ্বকাপ শুরুটাও আমাদের মতো ভালো হয়নি। আর আমাদের মতোই জয়ের জন্য মরিয়া থাকবে ওরা’, বলেছেন ইকুয়েডরের কোচ রুয়েদা।
হন্ডুরাসের কোচ সুয়ারেসও জানিয়েছেন ইকুয়েডরের মুখোমুখি হওয়াটা তার জন্য সহজ হবে না।
"ওদের চার-পাঁচজন খেলোয়াড় আমার অধীনে খেলেছে। ইকুয়েডরের সম্পর্কে তাই আমি কিছুটা জানি। তবে লাতিন আমেরিকার বিশ্বকাপে ওই মহাদেশের কোনো দলের মুখোমুখি হওয়াটা বাড়তি কোনো সুবিধা দেয় না।"
এখন পর্যন্ত ইকুয়েডর-হন্ডুরাস মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচে। এর মধ্যে ড্র আটটিই। তবে কুরিচিবায় বিশ্বকাপের ম্যাচটিও ড্র হলে এক রকম ‘হেরে’ যাবে দুটি দলই। কারণ দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট করে পাওয়ায় ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনাটা ক্ষীণ হয়ে যাবে তাদের।
রুয়েদা-সুয়ারেস তাই নিশ্চিতভাবেই মুখোমুখি দ্বৈরথের আগে নতুন শিষ্যদের কানে গুঁজে দেবেন পুরোনো শিষ্যদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের মন্ত্র!
