২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল কার্ডকে দুষলেন গ্রিসের কোচ

লাল কার্ডের কারণে দশ জনের দলে পরিণত না হলে জাপানকে হারানো যেত বলে দাবি করেছেন গ্রিসের কোচ ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 05:58 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

কলম্বিয়ার কাছে ৩-০ গোলে হারের ধাক্কা সামলে জাপানের বিপক্ষে ফের পুরনো অভেদ্য রুপেই ফিরেছিল গ্রিস। অধিনায়ক কোস্তাস কাতসুরানিস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত গোলের দেখা না মেলায় ব্রাজিল বিশ্বকাপে এখনও জয়শূন্য দলটি।

কোচ ফের্নান্দো সান্তোসের মতে, কাতসুরানিস বহিষ্কার হওয়ার পরই খেলাটা পুরোপুরি পাল্টে যায়, “ওই লাল কার্ডটি না হলে হয়ত ম্যাচটি আমরা জিততে পারতাম।”

বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষের অধিনায়ক মাকোতো হাসেবেকে বিপজ্জনকভাবে ফাউল করায় ম্যাচের ৩৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের পর লালকার্ড দেখে মাঠ ছাড়েন কাতসুরানিস। 

সংবাদ সম্মেলনে কোচ সান্তোস জানান, বিরতির সময় খেলোয়াড়দেরকে নিজেদের রক্ষণটাকে আরো মজবুত করার পরামর্শ দিয়েছিলেন তিনি। প্রতিপক্ষের স্বাভাবিক খেলা নষ্ট করতে মাঝমাঠটাকে ছোট করার পরামর্শও দেন। তবে ম্যাচের অধিকাংশ সময় জাপান বল দখলে রেখেছিল।  

টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকার পরও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যায়নি গ্রিসের। তবে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নটাকে সত্যি করতে শেষ ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না তাদের, নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের উপরও। জাপানের অবস্থাও গ্রিকদের মতোই।

জাপান ও গ্রিস, দু’দলই হার দিয়ে তাদের বিশ্বকাপে পথচলা শুরু করে। প্রথম ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হারে জাপান। আর কলম্বিয়ার বিপক্ষে রীতিমত বিধ্বস্ত হয় বাছাইপর্বে মাত্র চার গোল খাওয়া গ্রিকরা।