সুয়ারেসের প্রমাণে পুড়লেন হজসন
ম্যাচের আগে ইংল্যান্ডের কোচ রয় হজসন বলেছিলেন, বিশ্বমঞ্চে লুইস সুয়ারেসের সামর্থ্যের প্রমাণের বাকি আছে এখনো। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে উরুগুয়েকে জিতিয়ে প্রমাণটা ঠিকই দিলেন এই তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে হজসনের তাই বলতে হলো, তার দলের সর্বনাশ করেছে সুয়ারেসেই।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু বৃহস্পতিবার আরেনা দে সাও পাওলোতে উরুগুয়ের কাছে ২-১ গোলের হারটি তাদের শেষ ষোলোর স্বপ্নকে টিমটিমে করে দিয়েছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হারের কারণ বিশ্লেষণ করলেন হজসন।
"আমরা ভাবতেই পারিনি, এমন একটি গোল (সুয়ারেসের দ্বিতীয় গোল) খেতে হবে।"
উরুগুয়ের বিপক্ষে ভালো ফল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল ইংল্যান্ড দল। কিন্তু ৩৯তম মিনিটে সুয়ারেসের দারুণ এক হেডে পিছিয়ে যায় তারা। ওয়েইন রুনির গোলে সমতায় ফিরলেও ৮৫তম মিনিটে সুয়ারেসের অসাধারণ ওই গোলেই ভেঙে পড়ে ইংল্যান্ড।
ওই গোল নিয়ে হজসন বলেন, "আমরা একেবারে ভেঙে পড়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল, ১-১ গোলে সমতায় ফেরার পর আমরা একটা ফল পাবো।"
উরুগুয়ের কাছে হারের পর ইংল্যান্ডের শেষ ষোলোর ভাগ্য পেন্ডুলামের মতো দুলছে বলেই মনে করেন হজসন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টা রিকাকে হারালেই শুধু চলবে না, নকআউট পর্বে যেতে হলে বাকি দলগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে জেরার্ড-রুনিদের।
সব মিলিয়ে হজসন খুব একটা আশাবাদী হতে পারছেন না।
"এগিয়ে যেতে হলে আজ (বৃহস্পতিবার) আমাদের ফল দরকার ছিল। আমাদের জয় প্রয়োজন ছিল, কিন্তু পাইনি। বাকি দুটি ম্যাচে ইতালির জয়ের ওপর নির্ভর করে আছি আমরা এবং একই সঙ্গে কোস্টা রিকার সঙ্গে প্রয়োজনীয় গোল নিয়েও আমাদের জিততে হবে।"
