২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমীকরণে ইতালির সঙ্গে এখন কোস্টা রিকাও!

টুর্নামেন্ট শুরুর আগে তাদের প্রতি হয়তো করুণা হচ্ছিল গ্রুপের অন্য তিন দলের। হবে না কেন? সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে যে ব্রাকেটবন্দী কোস্টা রিকা!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:28 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

প্রথম ম্যাচ শেষে সেই করুণার জায়গা নিয়েছে ভীতি। হ্যাঁ, ইতালিয়ান মিডফিল্ডার দানিয়েল দে রস্সি স্বয়ং বলেছেন, কোস্টা রিকাকে ভয় পাওয়া উচিত। বলবেনই বা না কেন? প্রথম ম্যাচে যে উরুগুয়েকে হারিয়ে দিয়েছে তারা!

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় রেসিফিতে গ্রুপ ‘ডি’র ম্যাচে ইতালি-কোস্টারিকা দ্বৈরথের আগে সমীকরণ তাই বদলে গেছে নাটকীয়ভাবে। ‘আজ্জুরি’দের জয়ের আনুষ্ঠানিকতার ম্যাচ এটি হচ্ছে না! বরং গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচেও রূপান্তরিত হতে পারে তা।

অবশ্য উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছে বলে যে নকআউট পর্বে এক পা দিয়ে রেখেছে কোস্টা রিকা, তা না। আবার এই গ্রুপে টানা দুই ম্যাচ হেরেও দেশে ফেরার টিকেট এখনো কাটেনি ইংল্যান্ড। কোস্টা রিকাকে যদি ইতালি আজ হারাতে পারে, তাহলে রয় হজসনের দলের সম্ভাবনার দরজা খুলে যাবে আবার। কিন্তু ম্যাচটি ড্র হলে বা ইতালি হারলে শেষ ম্যাচের আগেই দেশে ফেরা নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের।

ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ভাগ্যের চাবিকাঠি উরুগুয়ে এখনও নিজেদের হাতে রেখেছে।

ইতালির মুখোমুখি হওয়ার আগে প্রথম ম্যাচে উরুগুয়েকে ৩-১ হোলে হারানো কোস্টা রিকার মিডফিল্ডার সেলসো বোর্হেস তাদের খেলার ধরনকে তুলনা করেছেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালির সঙ্গেই।

"আমাদের রক্ষণভাগ শক্তিশালী, আক্রমণে আছে দুর্দান্ত কিছু ফুটবলার। এই দলটি অনেকটা ২০০৬ সালের ইতালির মতো। বল পাওয়ার পর খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যাই আমরা। একেবারে নকআউট পাঞ্চের মতো আঘাত করি প্রতিপক্ষকে।"

ইতালিয়ান খেলার ধরনে ইতালির বিপক্ষে খেলা তাই জমাজমাটই হওয়ার কথা।

ওদিকে ইতালির খেলার ধরন কিন্তু আবার পাল্টে গেছে বেশ। ছোট ছোট পাসে যে ফুটবল খেলছে, সেটি বরং স্পেনের ‘তিকি-তাকা’র সঙ্গে মিল আছে বেশ। অনেকে তো এরই মধ্যে খেলার ধরনটির আদুরে নাম ‘তিকি-তালিয়া’ দিয়ে ফেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতা প্রথম ম্যাচে ইতালিয়ানদের ৯৩ শতাংশ পাস খুঁজে পেয়েছে সতীর্থদের। ১৯৬৬ বিশ্বকাপ থেকে হিসেব রাখা এই বিষয়ে এখন পর্যন্ত এটিই সেরা পরিসংখ্যান।

ওই ‘আজ্জুরি’রা কোস্টা রিকাকে সমীহ করছে কেবল প্রথম ম্যাচের ফলেই না, বদলে যাওয়া ফুটবলের কারণেও। দানিয়েল দে রস্সি যেমন বলেছেন, "বিশ্বকাপ এক সময় যেমন ছিল, এখন আর তেমনটা নেই। ইতালিয়া ৯০-র মতো ৮-০ ব্যবধানের ম্যাচের ফল আর দেখা যাবে না। দলগুলো এখন অনেক সংগঠিত। আমরা ইতালির জার্সি পরে নামব বলেই যে কোস্টা রিকাকে নিশ্চিতভাবে হারাচ্ছি- এমনটা ভাবার সুযোগ নেই।"

চারবারের চ্যাম্পিয়নদের ভাবনার আরেকটি জায়গা ম্যাচের সময়।

"আমরা দুপুর একটায় ম্যাচটি খেলতে নামব, সেটি হবে খুব কঠিন। কোস্টা রিকার বিপক্ষে খেলাটিকে সবচেয়ে কঠিন হিসেবে তাই দেখছি আমরা।"

ইতালির জন্য সুখবর, চোট কাটিয়ে এ ম্যাচের একাদশে ফিরতে পারেন গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

হোয়েল ক্যাম্পবেলের নেতৃত্বে উরুগুয়েকে যেভাবে কাঁপিয়ে দিয়েছিল কোস্টা রিকা, তাতে বুফ্ফনের ফেরার চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না চেজারে প্রানদেল্লির জন্য।