২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় জয়ে খুশি পেকারমান

দুই যুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানোর দ্বারপ্রান্তে কলম্বিয়া। গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে চরম কোনো নাটকীয়তা না হলে হোসে পেকারমানের দলটির শেষ ষোলো প্রায় নিশ্চিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 04:55 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) ২-১ গোলে হারায় কলম্বিয়া। প্রথম ম্যাচে গ্রিসকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।

বিশ্বকাপে এই প্রথম টানা দুটি ম্যাচে জয় পেল লাতিন আমেরিকার দলটি।

ব্রাজিল বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে বড় একটা ধাক্কা খেয়েছিল কলম্বিয়া। চোট সেরে না উঠায় স্ট্রাইকার রাদামেল ফালকাওকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করে কলম্বিয়া।

দলের সেরা তারকাকে ছাড়াই শিষ্যদের এমন দুর্দান্ত পারফর্ম্যান্সে দারুণ খুশি কোচ হোসে পেকারমান।

“আমি খুব খুশি, এটা একতাবদ্ধ একটা গ্রুপ। আমাদের মনোবল আর সাহসের কোনো কমতি ছিল না। এমন ভালো একটা প্রতিপক্ষকে হারাতে পেরে আমরা খুশি। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, (এই জয়) তাদের বেড়ে উঠতে সাহায্য করবে।”

কলম্বিয়ার অনেকেরই বিশ্বকাপ অভিষেক হল এবার। আর অভিষেকেই শিষ্যদের চমৎকার পারফর্ম্যান্সে মুগ্ধ পেকারমান।

তাছাড়া এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের অপরাজেয় থাকার রেকর্ডটাও ধরে রাখলেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপে তিনি ছিলেন স্বদেশ আর্জেন্টিনার কোচ। জার্মানির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে হারেনি তার দল। শেষে টাইব্রেকারে হেরে বাদ পড়ে আর্জেন্টিনা।

১৯৯০ সালে একবারই নকআউট পর্বে খেলেছিল কলম্বিয়া। পরের দুটি আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া এই দলটি গত তিন আসরে বাছাইপর্বের বাধাই পার হতে পারেনি।   

ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে কলম্বিয়ার পক্ষে গোল দুটি করেন হামেস রদ্রিগেস ও হুয়ান ফেরনান্দো কুইন্তেরো। আর কোত দি ভোয়ার একমাত্র গোলটি করেন জার্ভিনিয়ো।