তিকি-তালিয়া নিয়ে বললেন রস্সি
বদলে যাচ্ছে ইতালি। রক্ষণাত্মক খোলস ভেঙে তারা খেলার চেষ্টা করছে পাসিং ফুটবল। অনেকে তো স্পেনের তিকি-তাকা দর্শনের সঙ্গে মিল রেখে এর নাম দিচ্ছে ‘তিকি-তালিয়া’। কোচ চেজারে প্রানদেল্লির এই খেলার ধরনের ব্যাপার-স্যাপার আসলে কী! ফিফা ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন ‘আজ্জুরি’ মিডফিল্ডার দানিয়েল দে রস্সি। সঙ্গে উঠে এসেছে আরো নানা প্রসঙ্গও।
প্রশ্ন: অনেকের দৃষ্টিতে আপনি এখনকার ইতালিয়ান ফুটবলের সবচেয়ে ডাকাবুকো খেলোয়াড়। এটি কি আপনাকে ভালোভাবে বোঝাতে পারছে?
দানিয়েল দে রস্সি: আমি ঠিক একমত হতে পারছি না। আসলে ডাকাবুকো বলতে কী বোঝাতে চাইছেন, তার উপর এটি নির্ভর করছে। মাঠে আমার পজিশন ও ভূমিকার কারণে শারীরিক শক্তির প্রদর্শনটা জরুরি। কেননা প্রতিপক্ষের সঙ্গে আমার প্রতিনিয়ত লড়াইয়ে ব্যস্ত থাকতে হয়। এখন সেটিকে যদি আপনি ডাকাবুকো বলেন, তাহলে তা ঠিক। কিন্তু আবার আমার ক্যারিয়ারের দিকে তাকান। ক্লাব ক্যারিয়ারে একবারই আমি কেবল লাল কার্ড দেখেছি, সেটিও আট বছর আগে। আমি আসলে যথাসাধ্য পরিচ্ছন্ন খেলার চেষ্টা করি, যদিও কখনো কখনো ট্যাকেলগুলো কড়া হয়ে যায়।
প্রশ্ন: ইতালি ঐতিহ্যগতভাবে যেমন খেলে, চেজারে প্রানদেল্লি এসে সেটি বদলে দিয়েছেন। এখন ম্যাচে ইতালির নিয়ন্ত্রণ থাকে বেশি, পাসিং থাকে বেশি। লোকে এরই মধ্যে খেলার ধরনটিকে ‘তিকি-তালিয়া’ বলে ডাকা শুরু করেছে। এ নিয়ে আপনার ভাবনা কেমন?
প্রশ্ন: আপনাদের কোচ সম্প্রতি বলেছেন যে, বিশ্বকাপ জয়ের জন্য সাতটি আলাদা লাইন-আপের প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে আপনারা এখন কিভাবে কাজ করছেন?
দে রস্সি: আমরা যে কেবল বিশ্বকাপের জন্য অনুশীলন করেছি, তা না। মাসের পর মাস এসব প্রস্তুতি নিয়ে কাজ করেছি। কোচ নানা কৌশলে খেলিয়েছেন আমাদের। এমনকি প্লে-অফেও। প্রতিবার কৌশল পরিবর্তনের কারণটি আমাদের বুঝিয়ে দেন প্রানদেল্লি। আমাদের ফুটবলাররা যে শুধু টেকনিক্যালি শক্তিশালী, তা না, ট্যাকটিকালিও তাই। অভিজ্ঞতার ঘাটতি নেই। কোচ যে ঠিক কোন ব্যাপারটি চাইছেন, সেটি আমরা বুঝতে পারি।
প্রশ্ন: কোচের এই যে নতুন ধ্যানধারণা, সেটির সঙ্গে মানিয়ে নেয়াটা আপনার ও আপনার সতীর্থদের জন্য কি কঠিন?
দে রস্সি: শেষ পর্যন্ত এটি নতুন কিছু শেখার বিষয় না। বরং নতুন নতুন পজিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার, বিশেষত ডিফেন্ডিংয়ের সময়। আর সেটি নির্ভর করে আপনার সামর্থ্যের ওপর, মাঠে আপনার নড়াচড়ার উপর। বল তো সেই গোলই থাকে এবং ক্লাবে যেমন খেলেন, জাতীয় দলেও তাই খেলতে হয়। নতুন কৌশলে মাঠে গিয়ে আমাদের যে ডিগবাজি খেতে হয়, তা তো না।
প্রশ্ন: একটি দলের ক্ষেত্রে ধারাবাহিকতা আসলে কতোটা গুরুত্বপূর্ণ? আর খেলোয়াড়ের মধ্যে সঠিক সমন্বয় খুঁজে পাওয়াটাও?
দে রস্সি: জাতীয় দলের মেরুদণ্ড হিসেবে চার-পাঁচ-ছয়জনের একটি গ্রুপ থাকা প্রয়োজন, যারা কিনা কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে। ওই খেলোয়াড়রা যেহেতু অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছেন, সে কারণে তারা দলে আসা নতুন ও তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে পারবেন। বালোতেল্লি, ভেরাত্তি, দার্মিয়ানরা যেমন ‘আজ্জুরি’ দলে নতুন এসেছে। তাদের জন্য মানিয়ে নেওয়াটা সহজ। কারণ এসেই একটি শক্ত কাঠামো আর একটা গ্রুপ পাচ্ছে তারা। এগুলো এই নতুন খেলোয়াড়দের মানিয়ে নেওয়াটার পথটা সহজ করে দিচ্ছে।
