২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থকে গুতো মারায় ক্ষুব্ধ ক্যামেরুন কোচ

টানা দুটি ম্যাচ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ক্যামেরুনের কোচ ফলকার ফিনকে স্বাভাবিকভাবেই প্রচন্ড হতাশ। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তার কণ্ঠে হতাশার চেয়ে বিরক্তির ভাবটাই বেশি ফুটে ওঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 11:27 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

ম্যাচের শেষ দিকে ক্যামেরুনেরই দুই খেলোয়াড়ের বিতণ্ডায় জড়িয়ে পড়াটাই ফোলকারের বিরক্তির মূল কারণ। ম্যাচের শেষ দিকে হঠাৎ করেই প্রতিপক্ষের ডি বক্সে সতীর্থ ফরোয়ার্ড বেঞ্জামিন মুকাঞ্জোকে মাথা দিয়ে গুতো মারেন ডিফেন্ডার বেনোয়া আসু-একোতো।

মেক্সিকোর কাছে একমাত্র গোলে হারের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার কারণেই হয়ত মাথা ঠিক রাখতে পারেননি ওই দুই জন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ কোচ বলেন, “এটা পরিষ্কার যে (দলের মধ্যে কি চলছে) আমাদের এর কারণ খুঁজে বের করতে হবে। এমন আচরণ সত্যিই বিরক্তিকর।”

বুধবার ম্যাচের শুরুতে ফরোয়ার্ড ইভিচা অলিচের গোলে পিছিয়ে পড়া ক্যামেরুন বড় ধাক্কাটা খায় ৪০তম মিনিটে। পিছন থেকে দৌড়ে এসে মানজুকিচের পিঠে কনুই দিয়ে গুতো মারায় সরাসরি লাল কার্ড পান ক্যামেরুনের মিডফিল্ডারে আলেক্স সং। ১০ জনের দলে পরিণত হয় 'অদম্য সিংহ'রা।  

বার্সেলোনার সংয়ের অমন অযৌক্তিক আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কোচ ফোলকার। তার মতে, ক্যামেরুন ১০ জনের দলে পরিণত হওয়ার পরেই মূলত এগিয়ে যায় প্রতিপক্ষ।     

উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে আরেকবার গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। তবে ক্যামেরুনকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখার পাশপাশি দ্বিতীয় রাউন্ডে ওঠার পথেও ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়াটরা।

নিষেধাজ্ঞার কারণ প্রথম ম্যাচ না খেলা স্ট্রাইকার মারিও মানজুকিচ ফেরাতেই তা সম্ভব হয়েছে বলে কোচ নিকো কোভাচ মনে করেন।

সঙ্গে জার্মান লিগের ক্লাব ভলফ্সবুর্গের দুই ফরোয়ার্ড ইভিচা অলিচ ও ইভান পেরিসিচেরও যথেষ্ট অবদান রয়েছে। তাদের দুই গোলেই ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।