২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই বাজিমাত মানজুকিচের

মারিও মানজুকিচের উপর পাদপ্রদীপের আলোটা আগে থেকেই ছিল। বাকি ছিল বিশ্বকাপের মতো বড় মঞ্চে জ্বলে ওঠার। অভিষেকেই সেটা করে দেখালেন, ক্যামেরুনকে ৪-০ গোলে হারিয়ে দলকে বিশ্বকাপ দৌড়ে টিকিয়ে রাখতে করলেন জোড়া গোল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 11:06 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

নিষেধাজ্ঞার কারণে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ছিলেন না বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মানজুকিচ। দলও হেরে বসে ৩-১ গোলে।

বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে বুধবার ক্যামেরুনের বিপক্ষে তাই জয়ের বিকল্প ছিল না দলটির সামনে। সে লক্ষ্য অর্জনের পথে মানাউসের স্তাদিও আমাজনিয়ায় শুরুতে ক্রোয়াটদের খেলায় ছন্দের ঘাটতি দেখা গেলেও খানিক বাদেই তা কাটিয়ে ওঠে তারা।

১১তম মিনিটে ফরোয়ার্ড ইভিচা অলিচ ও ৪৮তম মিনিটে অলিচের ক্লাব সঙ্গী ভলফসবুর্গের আরেক ফরোয়ার্ড ইভান পেরিসিচের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেকেই সেমি-ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া।

দলের প্রথম দুই গোলে মানজুকিচের সরাসরি কোনো অবদান না থাকলেও প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখার কাজটা ভালোই সামলেছেন তিনি। আর তারপর তো ম্যাচটি হয়ে যায় মানজুকিচময়। ১২ মিনিটের ব্যবধানে প্রথম গোলটি হেড থেকে আর দ্বিতীয়টি গোলপোস্টের সামনে বিনা বাধায় আলতো টোকায় করেন তিনি।

দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি মানজুকিচ বলেন, “ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে আমি পরিশ্রম করেছি, তারই পুরস্কার হিসেবে গোলগুলো এসেছে। আশা করি, আবারো আমরা পুরোদমে জ্বলে উঠতে পারবো, কারণ আমাদের সেটার প্রয়োজন হবে।” 

১৬ বছর পর ফের বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে ক্রোয়েশিয়াকে আরেকবার জ্বলে উঠতে হবে। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে তাদের জিততে হবে। ড্র করলেও সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরুনের কাছে হারতে হবে ব্রাজিলকে।

মানজুকিচের প্রশংসায় দলটির কোচ নিকো কোভাচ বলেন, “মানজুকিচ আবারো দেখিয়েছে যে, সে বড় মাপের খেলোয়াড়। সে এমন ধরণের স্ট্রাইকার যে প্রতিপক্ষের মনে ভয় ধরাতে পারে।”

‘এ’ গ্রুপের ২ রাউন্ড শেষে ব্রাজিল ও মেক্সিকোর পয়েন্ট সমান ৪। তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩। দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে ক্যামেরুনের।