২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান-গ্রিসের অগ্নিপরীক্ষা

প্রথম ম্যাচ হেরে গেলে দ্বিতীয় ম্যাচের গুরুত্ব বেড়ে যায় শত গুণ। বিশেষত নকআউট পর্বে ওঠার জন্য ম্যাচই যখন মোটে তিনটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত চারটায় নাতালের দুনাস অ্যারেনায় জাপান ও গ্রিস এখন সেই অগ্নিপরীক্ষার মুখোমুখি। জিতলে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তাদের টিকে থাকবে; হারলে সেটি মিলিয়ে যাবে দূর দিগন্তে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

স্বাগতিক হিসেবে ব্রাজিলের অংশগ্রহণ নিশ্চিত ছিল আগেই। বাকি ৩১ দলের মধ্যে সবার আগে ব্রাজিলের টিকেট নিশ্চিত করেছে জাপান। ছোট ছোট পাসের আক্রমণাত্মক ফুটবল খেলে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়েছে তারা। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) বিপক্ষেও সেভাবে শুরু করেছিল তারা। তাতে প্রথম ২০ মিনিটের মধ্যে এগিয়েও যায় ‘ব্লু সামুরাই’। এরপর তাদের ইতালিয়ান কোচ আলবের্তো জাক্কেরোনির যে কী হল! শিষ্যদের ঢুকিয়ে দিলেন রক্ষণের খোলসে। ব্যস, এরপর আর শক্তিশালী কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) সঙ্গে কী করে পারে জাপান! হেরে যায় ১-২ গোলে।

প্রথম ম্যাচে শিক্ষা নিয়ে তাই হয়তো জাপানের তারকা কেইসুকে হোন্ডার উপলব্ধিটা এমন, ‘আমাদের শক্তির জায়গা হচ্ছে পজেশন। বল যখন পায়ে পাব, তখন সেটি আমাদের পায়ে পায়েই রাখতে হবে। প্রতিপক্ষের কাছে তুলে দিলে চলবে না। আর যখন বল হারাব, দ্রুত প্রেস করে চেষ্টা করতে হবে তা ফিরিয়ে আনার। এটিই আমাদের ফুটবল দর্শন।’

আর তাদের পরবর্তী প্রতিপক্ষ গ্রিসের দর্শন? শিল্প-সাহিত্যে যতই সৌন্দর্যঘেঁষা হোক, ফুটবলে তারা অসুন্দরের পূজারি। শিল্পী নয়, বরং শ্রমিক। গোল না খাওয়ার মন্ত্রে ২০০৪ ইউরো জিতেছে। এবার যে ব্রাজিল বিশ্বকাপের টিকেট পেল, সেটিও ওভাবে খেলে। বাছাইপর্বে ১০ ম্যাচে মাত্র চার গোল যে গিয়েছে তাদের জালে! অথচ এই গ্রিস বিশ্বকাপের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে খেয়ে বসল তিন গোল! জাপানের মতো গ্রিসেরও তাই নিজেদের ফুটবল-দর্শনের শেকড়ে ফেরার চ্যালেঞ্জ এই দ্বিতীয় ম্যাচে।

অভিজ্ঞ স্ট্রাইকার জর্জিওস সামারাসের কথা শুনলে অবশ্য মনে হবে, সেই দর্শনে পরিবর্তন আসছে, ‘সবাই আশা করেছিল, আমরা ১১ জন মিলে ডিফেন্ড করব। চেষ্টা করব যে কোন মূল্যে গোল না খাওয়ার। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে আমরা জয়ের চেষ্টা করেছি। জাপানের বিপক্ষেও সেই চেষ্টা করব খুব করে।’ চেষ্টাটা কি আক্রমণাত্মক ফুটবলে করবে গ্রিস নাকি গোল ঠেকিয়ে ঠেকিয়ে কোনমতে এক গোল করে- সেটিই এখন দেখার।

যদি আক্রমণের দর্শন বেছে নেয়, তাহলে তো ভালোই। জাপানও খেলবে ওই দর্শনে। দুই দলেরই আগুনের জবাব আগুন দিয়ে দেওয়ার চেষ্টায় দর্শকরা সাক্ষী হতে পারেন উপভোগ্য এক দ্বৈরথের।