ক্যামেরুনকে উড়িয়ে দিয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া
বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এর আগে কখনই না হারার ধারাবাহিকতা ধরে রাখলো ক্রোয়েশিয়া। সেই সঙ্গে ক্যামেরুনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপে টিকে রইলো ক্রোয়াটরা।
দুটি করে ম্যাচ খেলা ব্রাজিল ও মেক্সিকোর পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে 'এ' গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। তৃতীয় স্থানে উঠে আসা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩। কোনো পয়েন্ট না পাওয়া ক্যামেরুনের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত।
বুধবার মানাউসের গরম আবহাওয়ায় ক্রেয়োশিয়ার জয়ের নায়ক ফরোয়ার্ড মারিও মানজুকিচ। জোড়া গোল করেন তিনি।আর একটি করে গোল করেন অন্য দুই ফরোয়ার্ড ইভিচা অলিচ ও ইভান পেরিসিচ।
স্তাদিও আমাজনিয়ায় ম্যাচের শুরুতে মাঠ দখলে ক্যামেরুন এগিয়ে থাকলেও এগিয়ে যাওয়ার কাজটা ১১তম মিনিটেই সেরে ফেলে ক্রোয়েশিয়া। ডান প্রান্ত থেকে পেরিসিচের দেয়া আড়াআড়ি পাসে ছুটে এসে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন ভলফসবুর্গের অলিচ।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দাপট ঠিকই ধরে রেখেছিল ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেকেই সেমি-ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে আরেকটি বড় ধাক্কা খায় আফ্রিকার দল ক্যামেরুন। পিছন থেকে দৌড়ে এসে মানজুকিচের পিঠে কনুই দিয়ে গুতো মারায় সরাসরি লাল কার্ড পান বার্সেলোনার মিডফিল্ডারে আলেক্স সং। ১০ জনের দলে পরিণত হয় 'অদম্য সিংহ'রা।
এক জন কম নিয়ে দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি ক্যামেরুন। ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অলিচের ক্লাব সঙ্গী পেরিসিচ। মাঝ মাঠের একটু সামনে থেকে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে সম্পূর্ণ একার প্রচেষ্টার গোলটি করেন জার্মান ক্লাব ভলফসবুর্গে খেলা পেরিসিচ।
এরপর সহজ জয় নিশ্চিত করা বাকি দুটি গোল বায়ার্ন মিউনিখের মানজুকিচের। ৬১তম মিনিটে কর্নার কিকে হেড করে নিজের প্রথম গোলটি করেন ২৮ বছর্ বয়সী এই খেলোয়াড়।
তার ১২ মিনিট পর গোলপোস্টের সামনে থেকে বিনা বাধায় দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।
