২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা মেনে নিলেন দেল বস্ক

এক বছর আগে ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন স্পেনের দুর্বলতা প্রকাশ পেতে শুরু করে। রিও দে জেনেইরোর বিখ্যাত ওই মারাকানা স্টেডিয়ামেই যেন এবার তার পূর্ণতা পেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 06:03 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

তবে নিজেদের ব্যর্থতায় প্রতিপক্ষকে বাহবা দিতে ভুল করলেন না স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক।

গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো তারা। বুধবার মারাকানায় চিলির কাছে ২-০ গোলে হেরেছে স্পেন।

লজ্জা, হতাশার উদাহরণ গড়ে কষ্টে ভারাক্রান্ত পুরো স্পেন। কোচ ভিসেন্তে দেল বস্কও তার ব্যাতিক্রম নন কিন্তু নিজেদের ব্যর্থতাকে ঠিকই মেনে নিলেন।

স্প্যানিশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে প্রতিপক্ষ চিলির শ্রেষ্টত্ব মেনে নিয়ে দেল বস্ক বলেন, "(ম্যাচে) এখানে নিশ্চিত ভাবেই আমরা প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিলাম। আমরা সামনে এগিয়ে খেলার চেষ্টা করেছিলাম কিন্তু গোলের সামনে ভাগ্য খুব কমই আমাদের পক্ষে ছিল।"

প্রথম কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে পরের আসরের শুরুর দুটি ম্যাচে হারলো ভিসেন্ত দেল বস্কের স্পেন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।

বিশ্বকাপের গত চার আসরে তৃতীয় চ্যাম্পিয়ন হিসেবে পরের আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার লজ্জার উদাহরণ গড়লো স্পেন। এর আগে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স পরের আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে আর ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।

২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে প্রথম দল হিসেবে তিনটি বড় শিরোপা (ইউরো-বিশ্বকাপ-ইউরো) জয়ের রেকর্ড গড়া স্পেনের এই হার দলটির জন্যে নিশ্চিত বিশাল এক ধাক্কা।

তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে কি পরিকল্পনা- এমন প্রশ্নে দেল বস্ক জানান, এ বিষয়ে কথা বলার এটা সঠিক সময় নয়।