২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় প্রত্যাশিত ছিল ফন গালের

গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করলেও অস্ট্রেলিয়াকে হারাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে নেদারল্যান্ডসকে। তারপরও জিততে পেরে সন্তুষ্ট দলটির কোচ লুইস ফন গাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 03:47 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পরিসংখ্যান পক্ষে ছিল না কিন্তু ফুটবল ঐতিহ্যে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। স্পেনের বিপক্ষে ৫-১ গোলের জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল গতবারের রানার্সআপদের।

বুধবার ম্যাচের শুরু থেকেই ডাচদের ছাপিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্ট্রেলিযা। মাঝে একবার পিছিয়েও পড়ে নেদারল্যান্ডস। তবে ১০ মিনিটের মধ্যে দুটি গোল করে জয় নিশ্চিত করে তারা।

দারুণ নাটকীয় এই জয়ের পর ফন গাল বলেন, “প্রথমার্ধে ওরা ভালো খেলেছিল কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অন্তত পাচ-সাতটা সুযোগ পেয়েছিলাম। জয় আমার প্রত্যাশিতই ছিল। আমার বিশ্বাস দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার চেয়ে আমরা ভালো খেলেছি।"

চিলির কাছে স্পেনের ২-০ গোলের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। চিলির কাছে ৩-১ ও নেদারল্যান্ডসের কাছে ৩-২ ব্যবধানে হারা দুটি ম্যাচেই লড়াই করেছে দলটি।

গ্রুপ পর্বে বিশ্বের অন্যতম সেরা তিন দলের সঙ্গে খেলতে পেরেই যেন খুশি অস্ট্রেলিয়ার কোচ আনজে পোস্তেকোগলু। “বিশ্বের সেরা তিন দলের সঙ্গে আমরা খেলছি। অনেকেই বলছিল আমরা নাকি একটা গোলও করতে পারবো না।”

গ্রুপের তৃতীয় বা শেষ ম্যাচ স্পেন ও অস্ট্রেলিয়ার জন্য তাই শুধুই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু নেদারল্যান্ডস ও চিলির জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই দুই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে ‘এ’ গ্রুপের কোন দলের সঙ্গে কারা খেলবে।